ধানে ক্ষতি কৃষকের লাভ মিলমালিকের
রংপুরের বদরগঞ্জ উপজেলার কৃষকেরা আমন ধানের দাম পাচ্ছেন না। কৃষকেরা বলছেন, বর্তমানে ধানের যা বাজারদর তা দিয়ে উৎপাদন খরচই ওঠে না, ধান চাষে তাঁদের ক্ষতি হচ্ছে। অথচ মিলমালিকেরা প্রায় ১১ টাকা লাভে সরকারের কাছে চাল বিক্রি করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৭০ হাজার কৃষক গত মৌসুমে ১৯ হাজার ৫৮০ হেক্টর জমিতে আমন ধান চাষ করেছেন। এবার চলতি বোরো মৌসুমে ১৭ হাজার ৬৫০ হেক্টরে ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
বিভিন্ন এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ বছর ধরে ধানের দাম কম। এ মৌসুমে আমন ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারদর কম। বর্তমানে মোটা জাতের আমন ধান বিক্রি হচ্ছে প্রতি মণ (২৮ কেজি) ৩৭০ টাকা দরে। অথচ এ ধান উৎপাদন করতে প্রতি মণে তাঁদের ৪০০ টাকা খরচ হয়েছে।
সম্প্রতি উপজেলার আমরুলবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, জমির আলে বসে বোরোর চারা রোপণে শ্রমিকদের তদারকি করছেন বরকত আলী সরকার (৪৪)। তিনি বলেন, ৩৭০ টাকা মণ দরে তিনি ৮০ মণ আমন ধান বিক্রি করেছেন। অথচ এক মণ ধান উৎপাদনে খরচ পড়েছে ৪০০ টাকা। এভাবে চললে ধানের চাষ বাদ দিতে হবে। এ সময় আমরুলবাড়ি গ্রামের কৃষক আবদুল হামিদ (৪৫) বলেন, ‘হামরা কষ্ট করি ধান আবাদ করি মণে লস খাওচি ৩০-৪০ টাকা। আর সেই ধান চাল করি সরকারি গোডাউনোত বেচেয়া মেল মালিকেরা (মিলাররা) লাভ করোচে মণে ২০০ টাকা। এইটা কি সরকারের এনসাফ? হামরা যে ঋণ করতে করতে ভারোতে আর চইলবারে পারোচি না।’ ওই এলাকার আরও কয়েকজন কৃষক বলেন, এভাবে ধানের দাম পেলে তাঁদের জীবনযাপন করা মুশকিল হয়ে পড়বে। অথচ এ ধান থেকে চাল করে মিলমালিকেরা বেশ লাভ করছেন।
স্থানীয় তিনজন চালকল মালিক ও চারজন ধান ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ ধান ছাঁটাই করলে খুদ বাদে চাল হয় সাড়ে ১৮ কেজি। বর্তমান বাজার অনুযায়ী প্রতি মণ ধান ৩৭০ টাকা হিসাবে প্রতি কেজি চালের দাম পড়ে ২০ টাকা। অথচ এই চাল সরকার চালকল মালিকদের কাছ থেকে কিনছে ৩১ টাকা কেজি হিসাবে।
চালকল মালিক রতন কুণ্ডু বলেন, খাদ্য মন্ত্রণালয় মে মাস থেকে সরকারিভাবে বোরো সংগ্রহ অভিযান শুরু করবে। তার আগে সরকারি গুদাম খালি করতে হবে। এ লক্ষ্যে জানুয়ারিতে গুদাম খালি করার ব্যাপারে চালের দাম কমিয়ে কেজিপ্রতি ১৫-১৬ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এর প্রভাব পড়ছে ধান ও চালের বাজারে।
উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল শাহ্ বলেন, এটা ঠিক যে তাঁরা প্রতি কেজি চালে ১০ টাকার বেশি লাভ করছেন। কিন্তু চালকলের মেশিন খরচ, শ্রমিকের বেতন ও অন্যান্য ব্যয় এ লাভ থেকে কাটা যায়। আবার ধান ছাঁটাইয়ের পর এ চাল পালিশ করতে নিয়ে যাওয়া হয়। এতে প্রতি কেজিতে দুই থেকে আড়াই টাকা খরচ হয়।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চলতি মাসে উপজেলায় বিশেষ ও সাধারণ বরাদ্দ মিলে টিআর ও কাবিখা প্রকল্প বাস্তবায়নে ৭০০ টন চাল বাজারে ছাড়া হবে। এর নেতিবাচক প্রভাব স্থানীয় ধান-চালের বাজারে পড়তে পারে।
উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক বলেন, সারা দেশে গত আমন মৌসুমে কৃষকের কাছ থেকে সরকারি খাদ্যগুদামে কোনো ধান কেনা হয়নি। তবে মিলারদের কাছ থেকে চাল কেনা হচ্ছে। আমন চাল কেনার বরাদ্দ পাওয়া গেছে ৬২৫ টন। উপজেলার চুক্তিবদ্ধ ৫০ জন মিলার সরকার-নির্ধারিত ৩১ টাকা কেজি হিসাবে ওই চাল খাদ্যগুদামে সরবরাহ করছেন।