ধানে চিটা হওয়ার আশঙ্কা
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাকলাবিলের খেতের ধানগাছের শিষগুলো চিটা হয়ে যাচ্ছে। এর প্রতিকার জানতে ভুক্তভোগী কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ধরনা দিয়েও কোনো সমাধান পাচ্ছেন না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাবে ধানগাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বিলের কৃষক আশরাফুল ইসলাম ও আবদুল কুদ্দুস বলেন, গত সোমবার তাঁরা মাঠে গিয়ে দেখেন শীষগুলো কালো হয়ে গেছে। দানা নেই। সবই চিটা। পরের দিন মঙ্গলবার তাঁরা জমি থেকে কিছু ধানের শীষ সংগ্রহ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আসেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর বলেন, জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাবে ওই বিলের ২২০ হেক্টর জমির ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি তিনি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউটকে জানিয়েছেন। আজ বৃহস্পতিবার একটি গবেষণা দলের ওই মাঠ পরিদর্শন করার কথা রয়েছে।কৃষকেরা জানান, চাকলাবিলের কৃষকেরা এক ফসলের ওপর নির্ভরশীল। ঋণ করে অতি কষ্টে তাঁরা ফসল ফলান। এই ফসল বিক্রি করেই ঋণ পরিশোধসহ সংসার চালান তাঁরা। কিন্তু এ বছর ধানে চিটা দেখা দেওয়ায় তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আগে কখনো তাঁরা এমন সমস্যায় পড়েননি। কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর বলেন, বিলপারের কৃষকেরা ভালো দাম পেতে ব্রি-২৯ ধানের আবাদ করে থাকেন। ধানগুলো উঠতে অপেক্ষাকৃত একটু বেশি সময় লাগে। চলতি বছর দিনে তাপমাত্রা বেশি ও রাতে কমে যাওয়ায় ধানের শীষগুলো চিটা হয়ে যাচ্ছে। মূলত জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাবে এমনটি হচ্ছে।