ধানের অভাবে ঈশ্বরদীর প্রায় সব চালকল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দু-তিন দিন আগে থেকে উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ মোকাম পাবনার ঈশ্বরদীতে চালের দাম বেড়েই চলছে। দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন প্রকার চালের দাম বেড়েছে প্রতি বস্তায় (৮৪ কেজি) গড়ে ৩০০ টাকা। মোকামে দাম বাড়ার প্রভাব পড়েছে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারেও।ব্যবসায়ীরা জানান, ঈদের আগে এই মোকামে মিনিকেট চাল প্রতি বস্তা বিক্রি হয়েছে তিন হাজার টাকায়। গত সোমবার সেই চাল বিক্রি হয়েছে তিন হাজার ৩০০ টাকায়। একই সঙ্গে বি-আর-২৮ চাল দুই হাজার ৬০০ টাকার স্থলে দুই হাজার ৮৫০ টাকা, বিআর-২৯ দুই হাজার ৫০০ টাকার পরিবর্তে দুই হাজার ৭৫০ টাকা ও পারিজাত দুই হাজার ৪০০ টাকার পরিবর্তে দুই হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে।ব্যবসায়ীরা বলেন, এবার দেশের দক্ষিণাঞ্চল থেকে ধানের কোনো মহাজন বা বিক্রেতা পাওয়া যাচ্ছে না। কারণ দক্ষিণাঞ্চলে কিছুদিন আগে ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানায় সেখানে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যে পরিমাণ ধান ঈশ্বরদীর মোকামে পাওয়ার কথা ছিল, দক্ষিণাঞ্চলে ধানের উৎপাদন ব্যাহত হওয়ায় তার সিকি ভাগও পাওয়া যাচ্ছে না। এ কারণে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, দিনাজপুর, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ থেকে বেশি দামে ধান সংগ্রহ করতে হচ্ছে। ধানের দাম বেশি হওয়ায় মোকামে চালের দামও বাড়ছে।ঈশ্বরদী ধান-চাল ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক আলী বিশ্বাস জানান, পর্যাপ্ত ধানের অভাবে ঈশ্বরদীর ৬০০ চালকলের প্রায় সব কটিই ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। হাতে গোনা দু-একটি চালকলে আগের ধান মজুত থাকায় সেখানে চাল উৎপাদন চলছে।চালকলের মালিকেরা জানান, ঈশ্বরদীর ৬০০ চালকলে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করেন। এসব চাতালে প্রতিদিন গড়ে সাত হাজার মণ ধানের প্রয়োজন হয়। কিন্তু সেই তুলনায় মোকাম থেকে ধান পাওয়া যাচ্ছে না। আগের সামান্য কিছু ধান দিয়ে চাল উৎপাদন চলছে। ধানের অভাবে মোকামের ৯০ শতাংশের বেশি চালকল পুরোপুরি বন্ধ রয়েছে।মোকামের চাল ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, সারা দেশ থেকে অনেক পাইকার ঈশ্বরদীর মোকাম থেকে চাল কিনে থাকেন। কিন্তু এবার এখানে দাম বেশি হওয়ায় তাঁরা চাল কিনতে চাচ্ছেন না। কেউ কেউ বেশি দামে চাল কিনে নিয়ে যাচ্ছেন। এ কারণে খুচরা বাজারে বিক্রেতারা কেজিপ্রতি পাঁচ-ছয় টাকা বেশি দামে চাল বিক্রি করছেন।জানা গেছে, ঈশ্বরদীর মোকামে দু-তিন দিন ধরে ক্রেতা কম আসছেন। ব্যবসায়ীরা মনে করছেন, চালের দাম বেড়ে যাওয়ায় বাইরের ব্যবসায়ীরা চাল কিনতে ঈশ্বরদীর জয়নগর মোকামে আসছেন না।