ধানের আলোয় ভাসছে হাওর, হাসছে কৃষক
বৈশাখ দুয়ারে কড়া নাড়ছে। চারদিকে উৎসবের আমেজ। সেই উৎসবের ঢেউ লেগেছে হাওরে, কৃষকের মনে। হাওরের হাওয়ায় এখন সোনালি ধানের সুবাস। যেন ধানের আলোয় ভাসছে হাওর, হাসছে হাওর। শুরু হয়েছে নতুন ধান কাটার উৎসব।
বৈশাখ এলেই সুনামগঞ্জের হাওরাঞ্চলের চিরচেনা এই রূপ চোখে পড়ে। কাঠফাটা রোদ মাথায় নিয়ে খেতে ধান কাটছেন কৃষকেরা। সেই ধান মাথায় কিংবা কাঁধে বয়ে নিয়ে আসা হচ্ছে। চলছে মাড়াই। কিষানিরা মনের আনন্দে মাড়াই করা ধান বাতাসে ওড়াচ্ছেন। এরপর খলাতেই শুকাচ্ছেন। বিকেলের শান্ত রোদে শুকনো ধান মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কিষানিরা। ধান গোলায় ভরে তবেই স্বস্তি।
হাওরে ধান কাটার এই উৎসবে শুধু কিষান-কিষানি নয়, বাড়ির সব বয়সী মানুষই যোগ দেন। হাওরে এ এক অন্য রকম উৎসব চলে বৈশাখজুড়ে। ফসল গোলায় তোলার এই উৎসবের কাছে কাঠফাটা রোদ, বৈশাখের ঝড়-বৃষ্টি সবই যেন তুচ্ছ।
ধানের সবুজ শিষের রং যখন সোনালি হতে শুরু করে, তখন কৃষকের মনেরও রং বদলায়। চোখ-মুখ খুশিতে ভরে ওঠে। প্রস্তুতি শুরু করেন ধান কাটার। বাড়ির পাশে কিংবা হাওরের কোনো জায়গায় তৈরি করা হয় খলা (ধান কেটে মাড়াই করার স্থান)। খলা তৈরিতে মূল ভূমিকা রাখেন কিষানিরা। নতুন ধানের সঙ্গে মনের আনন্দে একটি মাস এই খলাতেই দিনের বেশির ভাগ সময় কাটান বাড়ির গৃহিণীরা।
গতকাল রোববার সকালে সদর উপজেলার দেখার হাওরে গিয়ে চিরচেনা এই রূপের খণ্ডচিত্র চোখে পড়ে। ধানখেতে কয়েকজনকে নিয়ে ধান কাটায় ব্যস্ত দরিয়াবাজ গ্রামের কৃষক আনজব আলী (৬০)। হাওরে নয় একর জমিতে ধান লাগিয়েছেন এবার। আনজব আলী বলেন, ‘ইবার ধান ভালা অইছে বা। তবে কিছু ধান শিলে (শিলাবৃষ্টি) নষ্ট করছে। এখন দিনের ভাবও (আবহাওয়া) ভালা। আমরার একটা মাস পাইলেই অয়।’ পাশ থেকে কৃষক মিয়াফর আলী (৫৫) বলেন, ‘এক মাস না, ঠিকমতো পনেরো দিন অইলেই ধান তুলি লিতাম পাড়মু। আর এক মাস অইলেত খুবই ভালা।’ মিয়াফর আলীর সঙ্গে ধান কাটতে এসেছে তার স্কুলপড়ুয়া ছেলে আক্কাস আলীও। আক্কাস আলী জানায়, বৈশাখ মাসে ধানা কাটা-মাড়াইয়ে প্রতিবছরই মা-বাবাকে সহযোগিতা করে সে।
দরিয়াবাজ গ্রামের খলায় বাতাসে ধান ওড়াতে থাকা কিষানি জোবেদা বেগম (৪৮) জানান, তিন-চার দিন ধরে ধান কাটা শুরু হয়েছে। সেই সঙ্গে তাঁরাও ব্যস্ত হয়ে পড়েছেন। পাশেই ধান শুকাচ্ছিলেন আছিয়া বেগম (৪০)। খরতাপে কপাল থেকে ঘাম ঝরছিল তাঁর। পুরো এক মাস এত কষ্ট করবেন?—এমন প্রশ্নে মুচকি হাসেন তিনি। বলেন, ‘আমরার লাগি ইতা কোনো কষ্ট না। এই ধান ঘরও তুলতে পারলেই তো সারা বছর সুখ থাকে।’
কৃষকেরা জানান, সুনামগঞ্জের বড় ধানি হাওরগুলোর একটি হলো দেখার হাওর। এই হাওরে চারটি উপজেলার কৃষকের জমি আছে। জেলার মানুষের প্রধান ফসল হলো বোরো ধান। এই ধানের ওপরই তাঁদের সব নির্ভর করে। ঘরের খাওয়া-দাওয়া, বিয়ে-সাদি, ছেলেমেয়ের লেখাপড়া, আনুষঙ্গিক ব্যয়—সবই বোরো ধানকে ঘিরে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপরিচালক মোহাম্মদ জাহিদুল হক জানান, এবার জেলায় ২ লাখ ১৮ হাজার ৫৪৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা গড়ে প্রতি হেক্টরে ধরা হয়েছে পাঁচ থেকে ছয় মেট্রিক টন। হাওরে উৎসবের আমেজে ধান কাটা শুরু হয়েছে। এপ্রিল মাস পর্যন্ত অকাল বন্যা না হলে হাওরের ৭০ শতাংশ ধান কাটা শেষ হয়ে যায়।