ধানের উৎপাদন খরচ কমাতে ইউরিয়ার দাম কমানোর সুপারিশ
ধানের উৎপাদন খরচ কমাতে ইউরিয়া সারের দাম কমানোর সুপারিশ করেছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বৃহম্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভায় এ সুপারিশ করা হয়।সভাসূত্র জানায়, সভায় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি নিয়ে তিনি কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন। সভায় প্রয়োজনের অতিরিক্ত সার না দিতে কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।কমিটির সভাপতি মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে সভায় খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, কমিটির সদস্য আতিউর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, জাফর আলী, আকরাম হোসেন চৌধুরী ও আফজাল হোসেন অংশ নেন। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।সভায় বলা হয়, ইউরিয়া সারের দাম কমানো গেলে ধানের উৎপাদন খরচ কম পড়বে। এতে ধান উৎপাদনে কৃষকেরা যেমন বেশি উৎসাহিত হবে, তেমনি চালের দামও কমবে।সভা শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, কমিটি ইউরিয়ার দাম কমানোর সুপারিশ করেছে। দেশে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেই এটি করা হয়েছে।সভায় চালের বাজারদর, সরবরাহ ও মজুদ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। চালের বর্তমান মূল্য স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন কমিটির সদস্যরা। সভায় পর্যায়ক্রমে সব উপজেলায় ওএমএসের (খোলাবাজারে) মাধ্যমে চাল ও আটা বিক্রি করার তাগিদ দেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি ২০১১-২০১২ অর্থবছরে ওএমএসের মাধ্যমে ৪৭ হাজার ৮৪৩ টন চাল ও ১০ হাজার ৫৭৩ টন আটা বিক্রি করা হয়েছে।সভায় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের (সিডিএমপি) প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়। কমিটি জলবায়ু পরিবর্তন, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো প্রাকৃতিক সমস্যা মোকাবিলায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বারোপ করে। এ ছাড়া ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে দালান-কোঠা নির্মাণের সময় ইমারত নির্মাণ বিধিমালা মেনে চলা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে কঠোর হওয়ার পরামর্শ দেওয়া হয়।