ধানের উৎপাদন খরচই উঠছে না, কৃষকের মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় তিন সপ্তাহ ধরে পুরোদমে চলছে বোরো ধান কাটার উৎসব। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ধানের ফলনও ভালো হয়েছে। কিন্তু বাজারে দাম কম থাকায় কৃষকদের উৎপাদন খরচ উঠছে না। তাই কৃষকদের মুখে হাসি নেই।
নিকলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ফলনও ভালো হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানের দাম কম থাকায় কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। এতে ধান চাষে অনেক কৃষক আগ্রহ হারিয়ে ফেলছেন। এ ছাড়া এলাকায় শ্রমিক সংকটও রয়েছে। একজন শ্রমিককে প্রতিদিন ৫৫০ থেকে ৬০০ টাকা করে মজুরি দিতে হচ্ছে।
গত শুক্রবার নিকলীর বড় হাওরে ধান বিক্রি করেন সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের নজরুল মিয়া। তিনি বলেন, ‘অখন (এখন) যে অবস্থা। গিরস্তি খরি (চাষ করে) জমি বেচি-বেচি (বিক্রি করে) খাওয়া লাগব। এখন নতুন ধান বিক্রি করছি ৪৫০ টাকা মণ। এ ধান জমিতে চাষ করতে বীজ, সেচ, সার, ডিজেল, কীটনাশক, শ্রমিক খরচসহ পড়ছে ৭০০ টাকা মণ। যদি এই দাম থাকে, তাহলে ভবিষ্যতে আর বোরো খেত করবাম না।’
সদর ইউনিয়নের বানিয়াহাটি গ্রামের কৃষক শুক্কুর মাহমুদ বলেন, ‘আমার আট একর জমিতে আবাদের মোট খরচ হয়েছে সাড়ে চার লাখ টাকা। ধান বিক্রি হবে আড়াই লাখ টাকা। দুই লাখ টাকা লোকসান দিতে হচ্ছে। প্রতিবছর জমি চাষ করে লোকসান দিয়ে জমি বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। এভাবে কয় বছর চলব? এ বছর আমি নিজের জমির আইলে সেলাম করে আইছি, আগামী বছর থেকে আর জমিতে ধান চাষ করব না।’
সিংপুর ইউনিয়নের টেংগুরিয়া গ্রামের কৃষক কালু মিয়া বলেন, ‘এক একর জমিতে চাষ করতে খরচ অয় (হয়) ৪০ হাজার টাকা। ধান বিক্রি কইরা পারাম (পেলাম) ২৫ হাজার টাকার। এখন আমরার যে কী উপায় অইব, বুঝবার পারতেছি না।’ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কারার বুরহান উদ্দিন জানান, তাঁর ১০ একর জমিতে ধান আবাদে প্রায় চার লাখ টাকা খরচ হয়েছে। ধান বিক্রি করে এখন খরচের টাকা তোলাই কঠিন হয়ে পড়বে। তিনি কৃষকদের এ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে উপযুক্ত মূল্য নির্ধারণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, এবার সময়মতো বৃষ্টি না হলেও অনুকূল আবহাওয়ার কারণে বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে ধানের দাম কম হওয়ায় কৃষকের মধ্যে হতাশা আছে। যদিও একটু-একটু করে ধানের দাম বাড়ছে। এখন মণপ্রতি ৪৫০ থেকে ৫০০ টাকায় ধান বিক্রি হচ্ছে। সেটা বেড়ে ৭০০ টাকা পর্যন্ত যেতে পারে। দাম বাড়লে কৃষকের এই হতাশা থাকবে না।