ধানের চারা উপড়ে ফেললেন কৃষি কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় এক কৃষি কর্মকর্তা ও তাঁর ছেলের বিরুদ্ধে ১৫ শতক জমির রোপণ করা আউশ ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। একসনা জমি ঠিকা না দেওয়ার আক্রোশে গত শুক্রবার সকালে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জমির চাষি হেমায়েত হোসেনের মা হাসিনা বেগম গতকাল শনিবার অভিযোগ করেন, তাঁর ছেলে একই গ্রামের সাইফুল ইসলামের কাছ থেকে ১৫ শতক জমি একসনা ঠিকা নিয়ে আউশ ধানের বীজ রোপণ করেন। শুক্রবার সকাল ১০টার দিকে এই গ্রামের বাসিন্দা ও বদরখালী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস সালাম ও তাঁর ছেলে সোহেল মিয়া রোপণ করা আউশের সব চারা উপড়ে ফেলেন।
হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মোরা গরিব মানুষ। পোলায় সাগরে মানুষের ট্রলারে মাছ ধইরা সোংসার চালায়। এইবার ওই জমিটুক একসনা নিয়া পোলায় আউশ ধান রুইছেলো। সব চারা উপড়াইয়্যা হালাইছে। এহন আমি কী হরমু, কার ধারে যামু। পোলায়ও গ্যাছে সাগরে মাছ ধরতে।’
জমির মালিক সাইফুল ইসলাম বলেন, ‘কয়েক বছর ধরে ওই জমি আবদুস সালাম নগদ টাকায় রেখে অন্যকে দিয়ে চাষাবাদ করাতেন। কিন্তু তিনি জমি ঠিকা নেওয়ার টাকাপয়সা ঠিকমতো দিতেন না বলে এবার হেমায়েতের কাছে জমি একসনা ঠিকা দিই। এই আক্রোশে আবদুস সালাম ও তাঁর ছেলে এই এ কাজ করেছেন।’
তেঁতুলবাড়িয়া গ্রামের মো. আনোয়ার বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে আমি ওই জমির পাশের জমিতে কাজ করছিলাম। এ সময় আবদুস সালাম ও তাঁর ছেলে সোহেল খেতে নেমে হেমায়েতের রোপণ করা আউশের চারা উপড়ে ফেলতে থাকেন। কেন চারা উপড়ে ফেলছেন— জিজ্ঞেস করলে তিনি বলেন, এই জমি আমার।’
স্থানীয় ইউপি সদস্য আবদুর রশিদ হাওলাদার বলেন, ‘ঘটনাটি আসলেই দুঃখজনক। স্থানীয় লোকজন আমাকে বলেছেন আবদুস সালাম ও তাঁর ছেলে সোহেল এ কাজ করেছেন।’
এ ব্যাপারে আবদুস সালাম ও তাঁর ছেলে সোহেলের সঙ্গে যোগাযোগ করতে তাঁদের মুঠোফোনে গতকাল বেশ কয়েকবার চেষ্টা করলেও তাঁদের দুজনের ফোনই বন্ধ পাওয়া যায়।
বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ মুঠোফোনে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। রোপণ করা ধানের চারা উপড়ে ফেলে এটা তিনি ঠিক করেননি। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’