ধানের চারা উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা
১২ শতক ফসলি জমিতে ধানের চারা রোপণ করেছিলেন কৃষক জুলফে আলী (৭০)। এক দিন পর ওই জমির কাছে গিয়ে দেখতে পান, চারাগুলো উপড়ে ফেলা হয়েছে। বিষয়টি এলাকার জনপ্রতিনিধিসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো প্রতিকার না পেয়ে তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রাইপুর গ্রামের।গ্রামবাসী জানান, রাইপুর গ্রামের জুলফে আলী প্রায় ৫০ বছর ধরে এই জমি চাষাবাদ করে আসছেন। কয়েক মাস ধরে তাঁর তিন ভাতিজা—মো. শফিকুর রহমান (৪৫), মনির হোসেন (২৮), সামছুল হক (৫০) এবং এক ভাগনে একই উপজেলার মান্দারি গ্রামের ফয়েজ আহমেদ (৩৫) ওই জায়গা দখলের জন্য মরিয়া হয়ে ওঠেন। জুলফে আলীর তিন কন্যাসন্তান রয়েছে। পুত্রসন্তান না থাকায় ভাতিজা ও ভাগনে মিলে ওই জায়গা দখল করতে চান বলে এলাকাবাসী অভিযোগ করেন। গত বুধবার জুলফে আলী ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান। প্রায় আট শতক জমিতে চারা রোপণের পর হঠাৎ করেই তাঁর তিন ভাতিজা ও ভাগনের নেতৃত্বে ১০ জনের একটি দল বাধা দেয়। ওই সময় নিরীহ কৃষক জুলফে আলী কোনো ধরনের সংঘাত ও সহিংসতায় না গিয়ে তাঁর শ্রমিকদের নিয়ে চলে আসেন। এরপর তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। গতকাল সকাল আটটায় জুলফে আলী জমির কাছে গিয়ে দেখতে পান, তাঁর লাগানো ধানের চারাগুলো উপড়ে ফেলা হয়েছে। এরপর তিনি সদর দক্ষিণ থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের নামে অভিযোগ দায়ের করেন। জুলফে আলী বলেন, ‘জমিটির আমি পৈতৃক ও খরিদ সূত্রে মালিক। আমার কোনো পুত্রসন্তান নেই। গায়ের জোরে জমিটি দখলের জন্য আমার তিন ভাতিজা উঠেপড়ে লেগেছে। তারা বিভিন্ন সময় আমাকে হয়রানি করে আসছে। সর্বশেষ বুধবার জমিতে লাগানো ধানের চারা উপড়ে ফেলেছে। ধানের চারার কী অপরাধ? আমি এর বিচার চাই।’এ ব্যাপারে জুলফে আলীর তিন ভাতিজার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘জুলফে আলীর ভাতিজারা আমাদের সালিস না মানায় তাঁকে আইনের আশ্রয় নিতে বলেছি।’সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ‘থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করে দেখছি।’