নেপালি স্বর্ণাজাতের ধানের বীজ কিনে বপন করেন কৃষক বুলু মিয়া। পরে তিনি ৭৫ শতক জমিতে এ ধানের চারা রোপণ করেন। ১৫ দিনের মাথায় গাছগুলো থেকে শিষ বের হতে শুরু হলে তিনি দিশেহারা হয়ে পড়েন।
কৃষক জানান, সাধারণ আমন ধান রোপণের ৮০-৮৫ দিন পর ধানের গাছ থেকে শিষ বের হয়। যে ধানের গাছ থেকে ১৫ দিনের মাথায় শিষ বের হয়েছে, সেগুলোতে ধান হবে না।
বুলু মিয়ার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার পোদ্দারপাড়া গ্রামে। তিনি অভিযোগ করে জানান, তারাগঞ্জ বাজারের নেহা ট্রেডার্স নামের একটি দোকানে গিয়ে তিনি বিআর-১১ জাতের ধানের বীজ চেয়েছিলেন। দোকানি তাঁকে তা না দিয়ে বেশি ফলনের কথা বলে ভেজাল নেপালি স্বর্ণাজাতের ধানের বীজ দেন। ওই দোকানের মালিক আবদুর রশিদ।
বুলু মিয়া একা নন, তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের শতাধিক কৃষক বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কৃষকেরা এর প্রতিকার চেয়ে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র বলেন, উপজেলা কৃষি বিভাগের নজর এড়িয়ে কিছু ব্যবসায়ী ভারত থেকে চোরাই পথে আসা ভেজাল স্বর্ণাজাতের ধানবীজ কৃষকের হাতে তুলে দিয়ে প্রতারণা করছেন। অভিযোগ পাওয়ার পর কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তাদের মাঠে গিয়ে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলেই ভেজাল বীজবিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বীজবিক্রেতা আবদুর রশিদ বলেন, ‘আমার দোকানে বিভিন্ন জাতের বীজ থাকে। কৃষকদের বিআর-১১ জাতের বীজ কেনার পরামর্শ দিয়েছি। কিন্তু বেশির ভাগ কৃষক নেপালি স্বর্ণাজাতের বীজ ছাড়া অন্য কিছু কিনতে চান না। ওই বীজ থেকে ধানের শিষ বের হলে আমি কী করব?’
এই প্রতিবেদক গতকাল শনিবার কুর্শা, ইকরচালী ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন এলাকার ১৫ জন কৃষকের মাঠে যান। তিনি দেখেন, স্বর্ণাজাতের ধানখেতের তিন ভাগের এক ভাগ গাছে শিষ। ওই কৃষকেরা জানান, তারাগঞ্জ বাজারের বিভিন্ন বীজবিক্রেতা বেশি ফলনের কথা বলে ওই ভেজাল বীজ তাঁদের হাতে তুলে দেন। পঞ্চায়েতপাড়া গ্রামের কৃষক একরাবুদ্দিন অভিযোগ করেন, তিনি বিআর-১১ জাতের ২০ কেজি ধানবীজ কিনতে চেয়েছিলেন। কিন্তু বেশি ফলনের লোভ দেখিয়ে তারাগঞ্জ বাজারের মঈন ট্রেডার্সের মালিক মুকুল মিয়া তাঁকে স্বর্ণাজাতের ২০ কেজি বীজ দিয়েছেন।
পলাশবাড়ী গ্রামের কৃষক বিনয় সেন জানান, ভেজাল স্বর্ণাজাতের বীজ রোপণের ১৫ দিনের মাথায় গাছ থেকে শিষ বের হয়েছে। বেশি ফলনের লোভ দেখিয়ে তাঁকে ওই বীজ দেন তারাগঞ্জ বাজারের নুর ট্রেডার্সের মালিক নুর হোসেন।
বীজবিক্রেতা মুকুল মিয়া ও নুর হোসেন বলেন, ‘ভেজাল বীজ তো আমরা বিক্রি করি না। কৃষকেরা কেনে বলেই তো অন্য ব্যবসায়ীর মতো বিভিন্ন স্থান থেকে প্যাকেট করা ১০ কেজি ওজনের ওই স্বর্ণাজাতের ধানবীজ সংগ্রহ করে বিক্রি করেছি। ওই বীজ ভেজাল না আসল তা আমরা বুঝব কী করে।’