ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে বগুড়ার আদমদীঘি উপজেলার প্রায় দুই হাজার হেক্টর জমিতে কৃষকেরা চলতি মৌসুমে আমন ধানের চারা রোপণ করতে পারছেন না।
আমন ধান রোপণের মৌসুম প্রায় শেষ। এখনো উপজেলার রক্তদহ বিলের পাশের এলাকার নিচু জমিতে কৃষকেরা চারা রোপণ করতে পারেননি।
উপজেলার আদমদীঘি সদর, সান্তাহার ইউনিয়ন ও সান্তাহার পৌরসভার প্রায় দুই হাজার হেক্টর জমি রয়েছে রক্তদহ বিলের পাশে। অন্যান্য বছর সাধারণত শ্রাবণ মাসের মাঝামাঝি সময়ে কৃষকেরা এসব জমিতে আমনের চারা রোপণ শেষ করে ফেলতেন। কিন্তু এ বছরের চিত্র একেবারে ভিন্ন। বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে বিপুল পরিমাণ জমি এখনো অনাবাদি রয়ে গেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার প্রায় ১২ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে আদমদীঘি সদর ইউনিয়নের কদমা, করজবাড়ি, দক্ষিণ গণিপুর, রামপুরা, মণ্ডবপুরা ও জোড়পুকুরিয়া, সান্তাহার ইউনিয়নের কাশিমিলা, প্রসাদখালি, দমদমা, সান্দিড়া, ছাতনী ও ঢেকড়া এবং সান্তাহার পৌরসভার তারাপুর ও কাজীপুর গ্রামের বিপুল পরিমাণ জমি এখনো পানির নিচে তলিয়ে আছে।
দমদমা গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, তিনি প্রায় তিন একর জমিতে আমন ধান চাষ করেন। জমিতে পানি থাকার কারণে এখন পর্যন্ত তাঁর অর্ধেকেরও বেশি জমিতে চারা রোপণ করতে পারেননি। প্রসাদখালি গ্রামের কৃষক নয়ন হোসেন বলেন, তাঁর বেশির ভাগ জমি রক্তদহ বিলের আশপাশে। জমি থেকে পানি নেমে না যাওয়ায় তিনি চারা রোপণ করতে পারেননি। সান্দিড়া গ্রামের কৃষক আক্কাস আলী বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর বৃষ্টি অনেক বেশি, এ কারণে বৃষ্টি ও ঢলের জামে থাকা পানি জমি থেকে নামতে পারছে না।
আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান বলেন, আমন ধান রোপণের জন্য আরও কিছু সময় আছে। এর মধ্যে পানি নেমে গেলে কৃষকেরা স্বাভাবিকভাবে চারা রোপণ করতে পারবেন। যদি পানি নামতে দেরি হয় সে ক্ষেত্রে বিকল্প ধান রোপণের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হবে। তিনি বলেন, রক্তদহ বিলের বিভিন্ন শাখা খালে ক্রস ড্যাম দেওয়ার কারণে পানি নামতে কিছুটা সমস্যা হচ্ছে। এ ক্ষেত্রে বরেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।