ধানের চারা রোপণে যন্ত্রের ব্যবহার বেড়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাষিদের মধ্যে যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে আগ্রহ দেখা দিয়েছে। খরচ ও সময় সাশ্রয়ী হওয়ার কারণে চাষিরা এতে আগ্রহী হয়ে উঠছেন বলে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৫ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত তিন দফায় রোপনের কৌশল প্রদর্শন করা হয়। পীরগঞ্জে উপজেলার চাপোড় গ্রামের আলমগীর হোসেন, ক্ষিদ্রগড়গাঁও গ্রামের দেবেন্দ্রনাথ রায় ও মিত্রবাটি গ্রামের গোলাম রসুলের প্রস্তুত করা খেতে চারা বীজ রোপণের মাধ্যমে চাষিদের উদ্বুদ্ধ করা হয়। এখন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমপক্ষে ৩৫ জন চাষি এ যন্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন।
পীরগঞ্জের মিত্রবাটি গ্রামের চাষি গোলাম রসুল বলেন, এক বিঘা জমিতে চারাবীজ রোপণ করার সময় বীজতলা থেকে চারা বীজ সংগ্রহ ও তৈরি করা জমিতে রোপন বাবদ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা খরচ হয়। এ ছাড়া অনেক সময় শ্রমিক পাওয়াতেও সমস্যা দেখা দেয়। অথচ রোপন যন্ত্রের সাহায্যে রোপন করতে পেট্রল, চারাবীজ সংগ্রহ ও রোপন বাবদ ২০০ টাকার বেশি খরচ হয় না।
ক্ষিদ্রগড়গাঁও গ্রামের চাষি দেবেন্দ্রনাথ রায় বলেন, ‘যতই কষ্ট হোক একটা রোপা লাগার যন্ত্র কিনব ভেবেছি। ওই যন্ত্র দিয়ে আমার জমিতে রোপা লাগানোর কাজ হবে। ভাড়া খাটালে শ্রমিকের মজুিরর টাকাটাও উঠে আসবে।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আরশেদ আলী এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জাহিরুল ইসলাম জানান, চারা রোপণ যন্ত্রটি কোরিয়ায় তৈরি। পেট্রলের সাহায্যে চলা এই যন্ত্রের দাম সাড়ে তিন থেকে চার লাখ টাকা। তবে কৃষি বিভাগের মাধ্যমে এ যন্ত্র কিনতে চাইলে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকিতে এটি কেনার সুযোগ আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শ্রমিকের সাহায্যে ৫০ শতকের এক বিঘা জমিতে ধানের চারা রোপন করতে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা মজুির দিতে হয়। অথচ যন্ত্রের সাহায্যে চারা রোপনে অনেকটা আর্থিকভাবে সাশ্রয় হয়। এর মাধ্যমে ২৫ দিন বয়সী চারা বীজ লাইন করে রোপণ করা সম্ভব।