ধানের চেয়ে খড়ের চাহিদা বেশি!
বছরের এ সময়ে মাঠে ঘাস না থাকায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এখন ধানের চেয়ে খড়ের চাহিদাই যেন বেশি। তাই কৃষকদের মাঝেও খড় বিক্রির তোড়জোড়টা চোখে পড়ার মতো। উপজেলার বিহার গ্রামের চাষি মকবুল হোসেনকেও (৫০) গত সোমবার দুপুরে দেখা গেল বিহার-শিবগঞ্জ সড়কে কাটা ধান মাড়াই করেই খড় নিয়ে পাশের বুড়িগঞ্জ হাটে ছুটতে।
হাটে যাওয়ার আগে ব্যস্ত মকবুল বলেন, ‘ধান তো পরেও বিক্রি হবি। কিন্তুক খ্যাড় (খড়) যত কাঁচা, তত দাম বেশি। তাই ধান ঘরত তুলতি ছোইলকে ভার দিয়্যা নিজেই খ্যাড় হাটত লিয়া যাচ্ছি।’
শুধু মকবুলই নন, শিবগঞ্জের অধিকাংশ চাষিই এখন খড় বিক্রিতে বেশি উৎসাহী। কারণ হাটবাজারে ধান নিয়ে অনেক সময় বসে থাকতে হয়। কিন্তু খড় হাটে নেওয়া মাত্রই খদ্দের জুটে যায়। উপজেলায় এখন প্রতি বিঘা (৩৩ শতাংশ) আগাম জাতের আমনের খড় দুই হাজার থেকে দুই হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
আলীগ্রামের চাষি আবু তালেব (৪৫) বলেন, ‘হামি এক বিঘা জমিত ইবার আগাম জাতের আমন চাষ করিছি। হামার খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার ট্যাকা। ধান পাছি ১২ মণ। আর এক হাজার ২৫০ আঁটি খ্যাড়। ধান এখনো বিক্রি করবার পারিনি। তবে এক খ্যাড় ব্যবসায়ীর কাছত দুই হাজার ট্যাকায় খেত থ্যাকেই খ্যাড়গুলান বিক্রি কর্যা দিছি।’ উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এখানে চলতি মৌসুমে ৯০০ হেক্টর জমিতে আগাম জাতের আমন চাষ হয়েছে। এ ধান কাটাও শুরু হয়ে গেছে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, এ সময় এলাকায় ঘাসের সংকট থাকে। তাই গো-খাদ্য হিসেবে আগাম জাতের ওই ধানের কাঁচা আঁটির চাহিদা রয়েছে।