প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা দরে আগে শ্রমিককে ১০০ টাকা মজুরি দিলেও এবার তিন–চার গুণ বেশি দিতে হচ্ছে
ধানের টাকা যাচ্ছে শ্রমিকের পকেটে
চলতি বোরো মৌসুমে রাজশাহীর বাগমারায় শ্রমিকের সংকট দেখা দিয়েছে। মজুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকের ধান বিক্রির সিংহভাগ টাকাই চলে যাচ্ছে শ্রমিকদের পকেটে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।
এ ছাড়া কয়েক দিনের বর্ষণ এবং বারানই নদে বাঁধ দেওয়ার কারণে নিম্নাঞ্চলের ধানখেত পানিতে তলিয়ে যায়। এ কারণে শ্রমিকেরা পানিতে নেমে ধান কাটতে অনীহা দেখাচ্ছেন।। চাষিরাও ব্যস্ত হয়ে পড়েছেন পাকা ধান ঘরে আনতে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর বাদশা জানান, লাভজনক হওয়ায় কৃষি শ্রমিকেরা অটোভ্যান চালানোর দিকে ঝুঁকে পড়েছেন। এ কারণে শ্রমিকের সংকট দেখা দিয়েছে। মজুরি বৃদ্ধি ও বাজারে ধানের দাম কম থাকায় চাষিরা লাভের মুখ দেখছেন না।
উপজেলার শ্রীপুর গ্রামের চাষি আজগর আলী জানান, তাঁদের এলাকায় দিনমজুরির দাম বেড়েছে। একজন শ্রমিককে সকাল আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ধান কাটার জন্য তিনবেলা খাবারসহ নগদ সাড়ে তিন শ টাকা দিতে হয়। এতে শ্রমিকপ্রতি খরচ হচ্ছে প্রায় সাড়ে চার শ টাকা। কিন্তু ওই শ্রমিক সারা দিনে মাত্র এক মণ পরিমাণ ধান কাটতে পারেন। ফলে চাষিদের ধানের টাকা চলে যাচ্ছে শ্রমিকদের পকেটে।
চাষি বেলাল হোসেন জানান, এলাকায় ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বিগত বছরে প্রতি শ্রমিককে দিনমজুরি ১০০ টাকা দিলেও এবার তিন থেকে চার গুণ বেশি দিতে হচ্ছে। এ কারণে তাঁরা বিপাকে পড়েছেন। তাঁর মতো উপজেলার নরদাশ, হামিরকুৎসা, সোনাডাঙ্গা, শুভডাঙ্গা, বাসুপাড়া ও গণিপুর ইউনিয়নের ১৫-১৬ জন চাষি একই ধরনের কথা বলেছেন।
উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার নতুন ধানের দাম অনেক কম। উপজেলায় এবার প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা দরে। ফরহাদ হোসেন নামের এক চাষি জানান, বাজারে ধানের চাহিদা না থাকায় ভালো দাম পাওয়া যাচ্ছে না।
মাহাবুর রহমান, আশরাফুল ইসলাম, মোশারফ হোসেনসহ ২০-২৫ জন শ্রমিক মজুরি বৃদ্ধির কথা স্বীকার করে জানান, এবার অনেক ধানখেত পানিতে তলিয়ে গেছে। পানিতে ধান কাটতে শ্রমিকদের কষ্ট হওয়ায় মজুরি বেড়েছে। তবে তাঁরা স্বীকার করেছেন দিনে এক মণের বেশি ধান তাঁরা কাটতে পারছেন না।