ধানের দরপতন, কৃষক হতাশ
রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ধানের দরপতন হয়েছে। গত এক সপ্তাহে প্রকারভেদে ধানের দাম গড়ে প্রতি মণে কমেছে ১০০ টাকা। সাত দিন আগেও স্থানীয় হাটবাজারগুলোতে প্রতি মণ (২৮ কেজি) ধান প্রকারভেদে বিক্রি হয়েছে ৩৯০-৪৪০ টাকায়। এখন তা গড়ে ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে। কৃষকেরা বলছেন, মণপ্রতি ধান ৪৪০ টাকায় বিক্রি করলেও তাঁদের উৎপাদন খরচ উঠবে না। ধানের আশানুরূপ দাম না পাওয়ায় কৃষকদের ক্ষোভ ও হতাশা বাড়ছে। কৃষকেরা ধানের দরপতনের জন্য ধান ক্রয়ে সরকার ও স্থানীয় ব্যবসায়ীদের অনীহাকে দায়ী করেছেন।গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বদরগঞ্জ হাট ও শুক্রবার তারাগঞ্জ হাট সরেজমিনে ঘুরে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৮ ও ১৬ জাতের চিকন ধান প্রতি মণ ৩২০-৩৩০, হাইব্রিড জাতের মোটা ধান ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সাত দিন আগেও এসব জাতের ধান মণপ্রতি গড়ে ৩৯০-৪৪০ টাকায় বিক্রি হয়েছে।বদরগঞ্জের আমরুলবাড়ী আসমতপাড়া গ্রামের কৃষক বরকত আলী সরকার বলেন, ‘সবাই বসি বসি ধানের ভাত খাওচে কিন্তুক ফোড় (হিসাব) গনোচে না। সরকার আবাদ করলে বুজিল হয় কত ধানে কত খরচ। কেষকের আইজ কী অবস্থা সেই খবর কেউ নেওচে না।’ তারাগঞ্জের অনন্তপুর গ্রামের কৃষক আবদুস সালাম শুক্রবার তারাগঞ্জ হাটে ধান বিক্রি করতে এসে বলেন, ‘ভুঁইয়োত (জমি) সার দিবার জন্যে সাত মণ মোটা ধান বেচপার আলুচু, কায়ো দাম করোচে না।’ তারাগঞ্জের ইকরচালি গ্রামের রহমত আলী বলেন, ‘শুনি ধান-চাউলের দাম কম হয়া বোলে দ্যাশ ঠান্ডা আছে। অন্য জিনিসের দাম যে পাঁচ গুণ বাড়ছে, সেইটা চোউকোত কারও পড়ে না! ফসলের দাম না পায়া কেষক যখন আবাদ করা ছাড়ি দেবে তখন সবাই বুজবে।’ বদরগঞ্জের ধান ব্যবসায়ী ডিজেল সাহা বলেন, ‘বদরগঞ্জে ধান কেনার বড় ব্যবসায়ী আছে ১৪-১৫ জন। আমরা ধান কিনে দিনাজপুরের অটোরাইস মিলগুলোতে বিক্রি করি। এখন রাইস মিলগুলোতে ধান কিনছে না। তাই ঈদের পর থেকে আমরা ধান কেনা অনেকটা ছেড়ে দিয়েছি। এ কারণে বাজারে ধানের দরপতন ঘটতে পারে।’ কৃষি বিভাগ সূত্র জানায়, গত মৌসুমে বদরগঞ্জে ১৮ হাজার ৫১০ হেক্টর এবং তারাগঞ্জে সাত হাজার ৬০ হেক্টরে ইরি-বোরোর আবাদ করে প্রায় দেড় লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়।’তারাগঞ্জে সরকারিভাবে এখনো বোরো ধান কেনা শুরু হয়নি। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিলকিছ বানু বলেন, ‘গুদামে স্থানাভাবে ধান কিনতে পারিনি। তবে বরাদ্দ রয়েছে ৮০০ টন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ধান কেনার নির্দেশনা রয়েছে।’বদরগঞ্জ সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিক হোসেন জানান, এবার উপজেলায় ২৬৭ মেট্রিক টন ধান কেনার বরাদ্দ পেয়ে ইতিমধ্যে প্রায় দেড় শ মেট্রিক টন কেনা হয়েছে।