ধানের দরপতন, কৃষক হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ধানের দরপতন হয়েছে। গত এক সপ্তাহে প্রকারভেদে ধানের দাম গড়ে প্রতি বস্তায় (২৮ কেজি) কমেছে ৪০ টাকা।
সাত দিন আগেও স্থানীয় হাট-বাজারগুলোতে প্রতি বস্তা ধান প্রকারভেদে বিক্রি হয়েছে ৪৮০-৫১০ টাকায়। এখন তা গড়ে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে।
অন্তত ২০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বস্তা ধান ৫০০ টাকায় বিক্রি করলেও তাঁদের উৎপাদন খরচ উঠবে না। তাঁরা ধানের দরপতনের জন্য ধান ক্রয়ে সরকার ও স্থানীয় ব্যবসায়ীদের অনীহাকে দায়ী করেছেন।
গতকাল রোববার সরেজমিনে ইকরচালী হাটে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বস্তা বিআর-২৮ ও ২৯ জাতের চিকন ধান ৪৭০-৪৭৫ এবং হাইব্রিড জাতের ধান ৪৬০-৪৬৫ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সাত দিন আগেও এসব জাতের ধান প্রতি বস্তা গড়ে ৪৮০-৫১০ টাকায় বিক্রি হয়েছে।
হাজীপাড়া গ্রামের কৃষক এনামুল হক বলেন, ‘সবাই বসি বসি ধানের ভাত খাওচে কিন্তুক ফোড় (হিসাব) গনোচে না। সরকার আবাদ করলে বুজিল হয় কত ধানে কত খরচ। কেষকের আইজ কী অবস্থা সেই খবর কেউ নেওচে না।’
এর আগে শুক্রবার তারাগঞ্জ হাটে ধান বিক্রি করতে আসেন মেনানগর গ্রামের সিরাজুল ইসলাম৷ দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি জানান, জমি চাষাবাদের জন্য টাকা দরকার৷ এ কারণে তিনি চার মণ মোটা ধান বিক্রি করতে এনেছেন৷ কিন্তু কেউ কিনছে না৷ সরকারপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন জানান, ধান-চালের দাম কম হওয়ায় দেশ ঠান্ডা আছে। অন্য জিনিসের দাম যে পাঁচ গুণ বাড়ছে, তা কেউ দেখছে না৷
ঘনিরামপুর গ্রামের বাসিন্দার ধান ব্যবসায়ী বাবুল হোসেন বলেন, ‘তারাগঞ্জে ধান কেনার বড় ব্যবসায়ী আছে ১৪-১৫ জন। আমরা ধান কিনে দিনাজপুরের অটোরাইস মিলগুলোতে বিক্রি করি। কিন্তু রাইস মিলগুলো এ বছর তেমন ধান কিনছে না। তা ছাড়া, ধান দিলেও টাকা পাওয়া যাচ্ছে না। এ কারণে বাজারে ধানের দরপতন ঘটতে পারে।’
উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বনাথ সরকার বলেন, তারাগঞ্জে এ বছর সাত হাজার ৮০০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। ধান উৎপাদন হয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ মেট্রিক টন।
তারাগঞ্জে সরকারিভাবে এখনো বোরো ধান কেনা শুরু হয়নি। উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘গুদামে স্থানাভাবে ধান কিনতে পারিনি। তবে বরাদ্দ রয়েছে ২৬২ টন। খুব শিগগির শুরু করা হবে।’