ধানের দরপতন দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত ১৫ দিনের ব্যবধানে প্রতি মণ ধানের দাম ১০০ থেকে ১২০ টাকা কমে গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকদের আশঙ্কা, চলতি বোরো মৌসুমে ধানের দাম আরও কমে যেতে পারে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবগঞ্জে আমন মৌসুমে নতুন চিকন ধান প্রতি মণ (৪০ কেজি) ৭৮০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়েছে। আর মোটা ধানের দাম ছিল ৭০০ থেকে ৭২০ টাকা। দাম আরও বাড়বে—এ আশায় তখন অনেক কৃষক ধান রেখে দিয়েছিলেন। প্রতিবছর বোরো ধান ওঠার আগে এ সময়টায় আমন ধানের দাম সবচেয়ে বেশি হয়। কিন্তু এবার হয়েছে উল্টো। প্রায় প্রতিদিনই ধানের দাম কমছে।
গত রোববার শিবগঞ্জ বড়হাটে গিয়ে দেখা গেছে, প্রতি মণ চিকন ধান বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকায়। আর মোটা ধান বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা মণ দরে। কিন্তু এ দামেও ধান কেনার ক্রেতা তেমন একটা নেই। অনেক কৃষক ধান নিয়ে দীর্ঘক্ষণ বসে থেকে ক্রেতা না পেয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন।
চার-পাঁচজন কৃষক জানান, তাঁরা বেশি দামের আশায় ধান ঘরে রেখে এখন বিপাকে পড়েছেন। হাটবাজারে ধান নিয়ে গেলে ক্রেতা মিলছে না। ক্রেতার চেয়ে বিক্রেতার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। কৃষকেরা এখন কী করবেন ভেবে উঠতে পারছেন না। কিছুদিন পরই বোরো এলে দাম আরও কমে যেতে পারে।
উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের কৃষক তফিকুল ইসলাম (৪৮) বলেন, ‘আমন ওঠার পর লয়া (নতুন) ধানের দাম আচলো (ছিল) ৮০০ ট্যাকা। আরও দাম পামু—এ আশাত তখন বেচিনি। কিন্তু একন ৮০০ ট্যাকা তো দূরের কথা, ৭০০ ট্যাকা মণ ধান বেচা কঠিন হয়্যা পড়িচে। বাজারোত কেউ ধান লিবার চায় না।’
উপজেলার তিনজন ধান ব্যবসায়ী বলেন, টানা অবরোধ ও হরতালের কারণে বাইরের পাইকারি ব্যবসায়ীরা ধান কেনার জন্য আসতে পারছেন না। এ ছাড়া কৃষকের ঘরে ঘরে আমন ধানের মজুত থাকায় এবং স্থানীয় বাজারে চাহিদা না থাকায় ধানের দাম এমনভাবে কমে যাচ্ছে। বোরো উঠলে ধানের দাম কোন পর্যায়ে যে নামবে, তা নিয়ে তাঁরা শঙ্কিত হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মহব্বত হোসেন বলেন, ‘এ সময় ধানের দাম বেশি হওয়ার কথা, কিন্তু হচ্ছে উল্টোটা। কী কারণে ধানের দাম কমে যাচ্ছে, তা আমার জানা নেই।’