ধানের দাম কম, কৃষক হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের দাম কম হওয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। অতিরিক্ত মূল্যে বীজ, সার, কীটনাশক, ডিজেলসহ নানা উপকরণ কিনে চাষাবাদ করেছেন তাঁরা। কিন্তু বাজারে গিয়ে ধানের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। এক মণ ধান এখন ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।কৃষকেরা জানিয়েছেন, এত কম দামে ধান বিক্রি করে তাঁদের উৎপাদন খরচের টাকা উঠছে না। অন্যদিকে মৌসুমের শুরুতেই ধানের দাম কম হওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা মহাজন এবং পাওনাদারদের টাকা পরিশোধের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। কৃষকেরা বলছেন, ধানের দাম ন্যূনতম ৮০০ থেকে ৯০০ টাকা না পেলে পোষাবে না। উপজেলা কৃষি দপ্তরের তথ্যানুযায়ী, এ বছর উপজেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এর মধ্যে আগাম আমন ধান চাষ করা হয়েছে চার হাজার হেক্টরে। কৃষকেরা আগাম আমন ধান কেটে বিক্রির জন্য বাজারে নিয়ে আসছেন। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাষ, চারা ক্রয়, রোপণ, সার, কীটনাশক, নিড়ানি, সেচ, কাটা, মাড়াই, পরিবহনসহ প্রতি বিঘায় তাঁদের খরচ হয়েছে সাত থেকে আট হাজার টাকা। যেখানে ধান হবে সর্বোচ্চ আট থেকে দশ মণ। আর এ হিসাবে গড়ে বিঘাপ্রতি ১০ মণ ধান ৪৫০ টাকা করে বিক্রি করলে কৃষক পাচ্ছেন চার হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রতি বিঘায় কৃষকের লোকসান গুনতে হচ্ছে তিন হাজার টাকা। অপরদিকে কৃষকের ধান ঘরে উঠতে না-উঠতেই পাওনাদারেরা টাকা পরিশোধ করার তাগিদ নিয়ে আসেন। তাই বর্তমানে কৃষকেরা বাধ্য হয়ে পাওনাদারদের টাকা পরিশোধ করতে ২০০ টাকা লোকসান দিয়ে ধান বিক্রি করে দিচ্ছেন। উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামের প্রান্তিক কৃষক রহমান বয়াতি জানান, তাঁর নিজের জমি নেই। এ বছর তিনি তিন একর জমি বর্গা নিয়েছেন। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে ধানের চাষ করতে সব মিলিয়ে তিনি জমিতে বিনিয়োগ করেছেন প্রায় ৪০ হাজার টাকা। জমিতে ধান উৎপাদন হয়েছে ৭৫ মণ। খোরাকি রাখা তো দূরের কথা, সব ধান বিক্রির পর মহাজনের দেনা পরিশোধ করতে আরও তিন হাজার টাকা লোকসান দিতে হবে তাঁকে। গতকাল বুধবার আমতলী নতুন বাজারের হাটে ধান বিক্রি করতে আসা গুলিশাখালী গ্রামের কৃষক শাহজাহান জানান, ধানের বর্তমান বাজারমূল্যের চেয়ে উৎপাদন খরচ মণপ্রতি ২৫০ টাকা বেশি হয়েছে। বাজারে পাইকারি ক্রেতাদের (ফড়িয়া) সিন্ডিকেট থাকায় ধানের ন্যায্যমূল্য মিলছে না বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করে আসলাম নামে এক পাইকারি ক্রেতা বলেন, ধানের উৎপাদন বেশি হলে দাম কম থাকা স্বাভাবিক। তা ছাড়া ধানের মধ্যে চিটার পরিমাণ তুলনামূলক বেশি থাকায় দাম কিছুটা কম হচ্ছে। আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সন্তোষ মণ্ডল জানান, চলতি মৌসুমে আগাম ও উচ্চফলনশীল জাতের আমনের ব্যাপক ফলন হয়েছে। স্থানীয় জাতের আমনেরও বাম্পার ফলন আশা করছেন তাঁরা। বাজারে ধানের দাম কম হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, ‘ভাল দাম না পেলে কৃষকেরা চাষাবাদ থেকে বিমুখ হয়ে পড়বে।’