ধানের দাম কম, চাষির মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ধানের দাম কম হওয়ায় পটুয়াখালীতে কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন। এখন পর্যন্ত জেলায় সরকারিভাবে ধান-চাল কেনা শুরু না হওয়ায় ধানের ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকেরা। যেখানে গত বছর ধানের দাম ছিল মণপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকা, এবার তা ৫৮০ থেকে ৬০০ টাকায় নেমে এসেছে।এ বছর আমনের ফলন ভালো হওয়ায় কৃষকেরা আনন্দিত হলেও বাজারে তা বিক্রি করতে গিয়ে দাম কম পাওয়ায় তাঁরা মলিন মুখে বাড়ি ফিরছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী কার্যালয় সূত্র জানায়, এ বছর জেলায় এক লাখ ৯৮ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু চাষ হয়েছে দুই লাখ নয় হাজার ৫৩২ হেক্টর জমিতে।গত সোমবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আমন ধান কাটার মহোৎসব চলছে। খেত থেকে আঁটি বেঁধে কৃষকেরা ধান নিচ্ছেন বাড়ির উঠানে। কিষান-কিষানিরা ধানমাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত হয়ে উঠেছেন।কালাইয়ার ধান-চালের বাজারে গিয়ে দেখা যায়, শত শত কৃষক তাঁদের ধান বিক্রির জন্য বাজারে এনেছেন। তাই চলছে বেঁচাকেনা। কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় তাঁরা হতাশ।বিক্রেতা বাউফলের চর অয়াডেলের প্রান্তিক চাষি আবুল বাশার বলেন, ‘মোর অল্প কিছু জমি আছে। হেইর লগে এই বছর ধার কইরা ২০ হাজার টাহায় আড়াই একর জমি একসনা ইজারা নিয়া আমনের আবাদ করছি। চাষাবাদসহ সব মিলাইয়া খরচ হইছে ৩৮ হাজার টাকার মতো। ধান পাইছি প্রায় ৪৫ মণ। বাজারে আড়তদাররা দাম কয় ৬০০ টাকা মণ। এই দামে ধান বেচলে লোকসান হইবে ১১ হাজার টাকার মতো। আমাগো মতো গরিব কৃষকের দুঃখের কথা কমু কার কাছে?’কালাইয়া বাজারের আড়তদার কার্তিক সাহা জানান, গত বছর ধানের মণ ছিল ৮০০ থেকে ৯০০ টাকা। উত্তরাঞ্চলের চালকলমালিকদের প্রচুর চাহিদা থাকায় প্রতি হাটবারে এখান থেকে ১০ থেকে ১৫ হাজার মণ ধান সেখানে পাঠানো হতো। এখন মৌসুমের শুরু। এ ছাড়া উত্তরাঞ্চলের চালকলগুলোতে প্রচুর পরিমাণ চাল মজুত থাকায় চালকলমালিকেরা ধান কিনতে তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন না। উপরন্তু বিদেশ থেকেও প্রচুর চাল আমদানি হওয়ায় দেশে চালের ঘাটতি নেই। তবে সরকারিভাবে ধান-চাল কেনা শুরু হলে ধানের দাম আরও বাড়বে বলে তিনি মনে করেন।পটুয়াখালী সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জাকির হোসেন জানান, সরকার প্রতিকেজি ধানের দাম ১৯ টাকা ও চাল ২৮ টাকা নির্ধারণ করেছে। তবে জেলায় সরকারিভাবে ধান-চাল কেনার বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।