ধানের দাম কম ঈদে আনন্দ নেই কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে কৃষিপণ্যের দাম কম হওয়ায় কৃষকের ঘরে এবার ঈদের আনন্দ নেই বললেই চলে। বিশেষ করে বোরো মৌসুমে উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায় কৃষকেরা বিপাকে পড়েছেন। পাশাপাশি শাকসবজি ও তরিতরকারির দামও কম। তাই কৃষকের ঈদ-আনন্দ যেন মাটি হয়ে গেছে। গত মঙ্গলবার দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জে হাটে ধান বিক্রি করতে আসা কৃষক জমির উদ্দিন প্রাং বলেন, ‘এবার কৃষকের ঘরে কোনো ঈদ নাই। ঈদ হচ্ছে বিদেশ পার্টিকেরে। হামরা ধান ল্যাগা কোনো দাম পানু না। ঈদত ছোলপোলক কাপড়চোপর দিমু, লাচ্ছা সেমাই কিনমো—সেই আশা কর‌্যা হাটত ধান আনা দেকিচ্ছি ধানের দাম নাই। হামাকেরে ধানের ওপর সংসার চলে। কয়েক বছরের মধ্যে ইংকা (এ রকম) অবস্থাত কোনো দিন পরিনি।’গত কয়েক দিনে বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এবার বোরো মৌসুমের শুরুতে ধানের বাজার ছিল মণপ্রতি জিরা (মিনিকেট) ৬৫৫ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ৬২৫ টাকায়; বিআর ২৮ মণপ্রতি ৫৬০ টাকা, এখন ৫৩৫ টাকা; পাইরি (চান্দিনা) ৫২৫ টাকা, এখন ৫১৫ টাকা এবং বিআর ২৯ মণপ্রতি ৪৯০ টাকা, এখন ৪৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে চালের বাজার আগের চেয়ে মণপ্রতি ৫০ থেকে ৬০ টাকা কম।নিউমার্কেটের তৈরি পোশাক বিক্রেতা রাজু আহমেদ বলেন, ‘কয়েক বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি বিক্রি করেছি। ধান-চালের বাজার না থাকায় কেনাবেচা নিয়ে ভয়ে ছিলাম। কিন্তু বিদেশি পার্টিই বেশি কেনাকাটা করছে। লোকজনের হাতে টাকা নেই বলা হলেও কেনাবেচায় তা মনে হচ্ছে না।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, উপজেলার অনেক লোকই বিদেশে থাকে। থানায় প্রতিমাসে ৩০ থেকে ৩৫টি করে পাসপোর্টের কাজ চলে।ইসলামী ব্যাংক দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক আবদুল হালিম জানান, তাঁর শাখায় আট থেকে সাড়ে আট হাজার প্রবাসীর ব্যাংক হিসাব রয়েছে। প্রচুর বৈদেশিক মুদ্রা লেনদেন হয়। রোজার শুরু থেকে গতকাল পর্যন্ত সাড়ে নয় কোটি টাকা লেনদেন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল বলেন, ধান-চালের বাজার না থাকায় কৃষকের মনে ঈদের কোনো আনন্দ নেই। প্রবাসীদের কারণে উপজেলার মার্কেটগুলোয় প্রচুর কেনাকাটা হচ্ছে।