
পটুয়াখালীতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম কম হওয়ায় কৃষকেরা পড়েছেন মহাবিপদে। তাঁদের অভিযোগ, স্থানীয় আড়তদারেরা সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীদের কাছে বেশি দামে বিক্রি করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয়ের অতিরিক্ত উপপরিচালক আবদুল অদুদ খান বলেন, এক মণ আমন ধান উৎপাদনে ৯৫০ টাকার মতো খরচ হয়। তবে এ অঞ্চলের কৃষকেরা ধান উৎপাদনে নিজেরাই প্রচুর শ্রম দেন। এ কারণে উৎপাদন খরচ একটু কম। তবে বর্তমানে বাজারমূল্যে ধান বিক্রি করলে কৃষকদের লোকসান হবে। তিনি বলেন, সরকার ধানের দাম নির্ধারণ করে দিয়ে কৃষকদের কাছ থেকে ধান সরাসরি কিনলে তাঁরা ধানের ন্যায্যমূল্য পাবেন এবং লাভবান হবেন।
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বরিশাল বিভাগের বৃহত্তম ধানের হাট বাউফল উপজেলার কালাইয়া হাটে ৬০০ থেকে ৭০০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে।
এ সময় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিমদী গ্রামের বর্গাচাষি মো. শাহজাহান বলেন, ‘গত সোমবার ধানের বাজার ভালোই ছিল। ৮০০ থেকে ৮৫০ টাকা মণ দরে বিক্রি করেছি। এ কারণে আজকে (সোমবার) হাটে ৫০ মণ ধান এনেছি। কিন্তু ধান নিয়ে এখন বিপদে পড়েছি। ৬৫০ টাকার বেশি দাম উঠছে না। তার মানে প্রতি মণে ২০০ টাকা নাই।’ কৃষক মো. রহিম মিয়া অভিযোগ করেন, ‘স্থানীয় আড়তদারেরা সিন্ডিকেট করে কম দাম চাপিয়ে দিচ্ছেন। আর অভাবের কারণে কৃষকেরা আড়তদারদের নির্ধারিত মূল্যেই ধান বিক্রি করতে বাধ্য হন।’
কালাইয়া হাটে ধান বিক্রি করতে আসা কৃষক মো. আলমগীর ও আবু জাফর অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাপারীরা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে দেওয়া হচ্ছে না। স্থানীয় আড়তদারেরা সিন্ডিকেট করে কৃষকের ধান কিনে অন্য এলাকা থেকে আসা ব্যাপারীদের কাছে বেশি দামে বিক্রি করেন।
এদিকে গলাচিপা উপজেলার পখিয়া গ্রামের কৃষক হাবিব চৌকিদার (৪০) এ বছর এক একর জমিতে আমনের আবাদ করেছেন। এ জমি আবাদ করতে তাঁর ৩০ হাজার টাকারও বেশি খরচ হয়েছে। এ জমি থেকে প্রায় ৩৪ মণ ধান গোলায় তুলেছেন তিনি। সারা বছরের খোরাকি রেখে বাকি ধান বাজারে বিক্রি করতে গিয়ে দেখেন ধানের দাম কম। অনেকটা বাধ্য হয়েই কম দামে ধান বিক্রি করতে হয়েছে তাঁকে।
হাবিব চৌকিদার বলেন, গত শনিবার গলাচিপা বাজারে ৫৬০ থেকে ৫৮০ টাকা মণ দরে ধান বিক্রি করেছেন তিনি। অথচ এক মণ ধান উৎপাদন করতে তাঁর খরচ হয়েছে কমপক্ষে ৮৮০ টাকা। এই অবস্থায় প্রতি মণে তাঁকে অন্তত ৩০০ টাকা করে লোকসান গুনতে হয়েছে। এই অবস্থা শুধু গলাচিপায় নয়, জেলার প্রত্যন্ত অঞ্চলে ধানের দাম আরও কম বলে জানা গেছে।
এদিকে বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালী জেলায় আমনের বাম্পার ফলন হলেও সরকার এই অঞ্চল থেকে ধান কিনছে না। চাল কিনলেও তা খুবই সামান্য। এ এলাকার চালের চাহিদা মেটানো হচ্ছে উত্তরাঞ্চলের চাল দিয়ে। এই অবস্থায় এই এলাকার অটোরাইস মিলগুলোও ধান কিনছে না। এই সুযোগে ফড়িয়ারা কম দামে ধান কিনে নিয়ে যাচ্ছেন উত্তরাঞ্চলে।
এদিকে গলাচিপার ধানের বাজার ঘুরে দেখা যায়, প্রচুর পরিমাণ ধান বাজারে উঠেছে। তবে ক্রেতা কম। গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের চর আগন্তি গ্রামের কৃষক মোসলেম গাজী বলেন, ‘ট্রলারে করে ধান নিয়ে এসেছি। অনেক টাকা খরচ হয়েছে। এখন ধানের দাম কম, হাটে ফড়িয়ারাই বেশি এবং ধান কেনার আগ্রহ দেখান না তাঁরা। ধান বাজারে এনে বিপদে পড়েছি। তাই কম দামে অর্ধেক টাকা বাকিতে ধান বিক্রি করতে হয়েছে।’
ধানের আড়তদার ‘মাতৃ ভান্ডার’-এর মালিক তাপস দত্ত বলেন, এখন প্রতি হাটবারেই প্রচুর ধান উঠবে। কিন্তু মিল মালিক কিংবা সরকারের পক্ষ থেকে ধান কেনা হচ্ছে না। কৃষকেরা হাটে ধান এনে আর ফিরিয়ে নিতেও পারছেন না। এই সুযোগে ফড়িয়ারা ধানের দাম বাড়াচ্ছেন না। কৃষকেরা অনেকটা বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করে দিচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, জেলায় আবাদি কৃষিজমির পরিমাণ ২ লাখ ১৩ হাজার ৬০০ হেক্টর। এ বছর ২ লাখ ১০ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। প্রায় ৯ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হবে।
জেলা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বলেন, এ বছর বোরো মৌসুমে এই জেলা থেকে ১৬১ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়। সরকারি মূল্য প্রতি কেজি ২৩ টাকা। এই মূল্যে প্রতি মণ ধানের দাম পড়ে ৯২০ টাকা। কৃষকেরা বোরো ধান বিক্রি করে লাভবান হন। কিন্তু চলতি আমন মৌসুমে কৃষকের কাছ থেকে ধান কেনার কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে ৫৭২ মেট্রিক টন চাল কেনার নির্দেশনা পাওয়া গেছে।
এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায়, জেলার সরকারি প্রতিষ্ঠান যেমন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসে কর্মরতসহ ভিজিডি, ভিজিএফ, ওএমএসসহ সরকারের বিশেষ প্রকল্পে জেলায় চালের চাহিদা রয়েছে ২৭ হাজার ৭৬ দশমিক ২১৪ মেট্রিক টন। এ ছাড়া বর্তমানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির পাঁচ মাসে চালের চাহিদা রয়েছে ১৭ হাজার ৭১২ দশমিক ৬০০ মেট্রিক টন। কিন্তু সরকার কিনবে মাত্র ৫৭২ মেট্রিক টন চাল। বাকি চাল উত্তরাঞ্চল থেকে এখানে আসবে।
ধানের দাম কম হওয়া প্রসঙ্গে জেলার গলাচিপার শাহজালাল অটো রাইস মিলের মালিক সাহেব আলী বলেন, আসলে মিল মালিকদের ধান কেনার আগ্রহ খুব কম। কারণ, সরকার এখান থেকে চাল কিনছে খুব কম।