ধানের দাম কম বলায় ফড়িয়াদের হাটছাড়া করলেন কৃষকেরা
ধানের দাম কম বলায় কৃষকের ধাওয়ায় ফড়িয়ারা হাটছাড়া হয়েছেন। গতকাল রোববার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁওয়ের নেকমরদ হাটে সপ্তাহের প্রতি রোববার হাট বসে। গতকাল আশপাশের কৃষকেরা গোলার ধান বিক্রির জন্য হাটে নিয়ে আসেন। কিন্তু হাটে কয়েকজন পাইকার থাকলেও ধান কেনা থেকে তাঁরা বিরত থাকেন। পরে নিজেদের মধ্যে আলোচনা করে ধানের দাম বস্তাপ্রতি (৮০ কেজি) ১ হাজার ৮০০ টাকা হাঁকেন। এতে কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে ধানের দাম নিয়ে কৃষকেরা পাইকারদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পাইকারেরা ধান কেনা বন্ধ করে দেন। এতে কৃষকেরা উত্তেজিত হয়ে পাইকারদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পাইকারেরা হাট ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।
পাঁচ বস্তা ধান বিক্রি করতে গতকাল নেকমরদ হাটে এসেছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের আবদুর রহিম। তিনি অভিযোগ করেন, হাটবাজারের ফড়িয়ারা সিন্ডিকেট করে ধানের দাম নির্ধারণ করেন। কৃষকেরা ফড়িয়াদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। তাই কৃষকেরা একজোট হয়ে তাঁদের হাট থেকে তাড়িয়ে দিয়েছেন।
ধান বিক্রি করতে এসে একই উপজেলার ভবানন্দপুর গ্রামের কৃষক রজত রায় বলেন, ‘শুক্রবার লাহিড়ি হাটে ধান ২ হাজার টাকা গেইছে। আর এইঠে কহছে ১৮০০ টাকা। হামরা কষ্ট করিমু আর পাইকারলা লাভ করিবে, এইখান আর হবেনি।’
এদিকে ঘটনা সম্পর্কে ধান ব্যবসায়ী আল আমিন বলেন, ‘আমরা সিন্ডিকেট করে ধানের দাম নির্ধারণ করিনি। হাটে ধানের যে দাম চলছে সেই দরেই কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে চাইলে কৃষকেরা উত্তেজিত হয়ে ওঠেন। আমরা তো বাজারদরেই ধান কিনব। বেশি দরে ধান কিনে কোন ব্যবসায়ী লোকসানে পড়তে চায় বলেন।’
রানীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনুল হক বলেন, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারলেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।