ধানের দাম কম, হতাশ চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলায় এবার বোরোর বাম্পার ফলন হলেও চাষিদের মুখে হাসি নেই। উৎপাদিত ধানের বাজারদর কম। এ নিয়ে হতাশ চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার টেকনাফ, উখিয়া, সদর, রামু, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলার ৫৪ হাজার ১২৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ৫৫ হাজার ৮০০ হেক্টরে। অর্থাৎ, চলতি মৌসুমে গত বছরের তুলনায় এক হাজার ৬৭১ হেক্টর বেশি জমিতে বোরো চাষ হয়েছে। এ বছর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৫ হাজার ১৮৬ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ছয় হাজার ২৯১ মেট্রিক টন বেশি।
১২ মে সকালে উখিয়া উপজেলা সদর ইউনিয়নের হাজিরপাড়া, দোছরি, কাশিয়ারবিলসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, মাঠের ধান কাটা শেষ। কৃষকেরা বাড়ির আঙিনায় মজুত রাখা পাকা ধান মাড়াই করছেন। তারপর গোলায় ভরছেন।
অনেকে বস্তা ভর্তি করে নতুন ধান বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন।
স্থানীয় ঘিলাতলী গ্রামের কৃষক মরিয়ম খাতুন (৬৭) ও মফিজুর রহমান (৫৫) জানান, এবার কানিপ্রতি (৪০ শতক) ১৫০ আড়ি (এক আড়িতে ১০ কেজি) ধান পাওয়া গেছে। তবে বাজারে চালের দাম কম বলে উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। বর্তমানে প্রতি আড়ি ধান বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। অর্থাৎ, প্রতি কেজি ধান বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকায়।
ঘিলাতলী গ্রামের কৃষক আমির হোছন (৪৬) বলেন, যান্ত্রিক গাড়ি দিয়ে প্রতি কানি জমির ধান মাড়াই করতে অতিরিক্ত ৬০০ টাকা খরচ হচ্ছে। চাষের খরচসহ সব মিলিয়ে উৎপাদন খরচ ওঠে কি না সন্দেহ রয়েছে। সরকার উৎপাদিত ধানের বিক্রয়মূল্য নির্ধারণ করে দিলে চাষিদের বেকায়দায় পড়তে হতো না।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের কৃষক আবুল কালাম (২৬) জানান, চার বিঘা জমিতে তিনি ব্রি-২৮ প্রজাতির ধান করেছেন। প্রতি বিঘায় তিনি ২২ মণ করে ধান পেয়েছেন। কিন্তু বাজারে প্রতি মণ ধান বিক্রি করতে হচ্ছে ৬০০ থেকে ৬২০ টাকায়। এ কারণে লোকসান গুনতে হচ্ছে।
রামু উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এই উপজেলার ১১টি ইউনিয়নে ছয় হাজার ৭০০ হেক্টর জমিতে বোরোর বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পেয়ে চাষিরা হতাশ। এই উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৩ হাজার মেট্রিক টন।
রামু উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আল আমিন বলেন, বোরোর বাম্পার ফলন হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হচ্ছেন চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার দে বলেন, হাইব্রিড জাতের ধান চাষ বৃদ্ধি পাওয়ায় এবার জেলায় লক্ষ্যমাত্রার বেশি ধান উৎপাদিত হয়েছে। নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির অংশ হিসেবে জেলার চলতি মৌসুমে আট হাজার ৪৮৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের, ৪৬ হাজার ৫৪৭ হেক্টর জমিতে উফশী এবং ৭৬৮ হেক্টরে স্থানীয় জাতের রোরো ধান আবাদ হয়েছে।