ধানের দাম কমছে চিন্তিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় দুই মাসের ব্যবধানে প্রতি মণ ধানের দাম কমেছে ১২০ থেকে ১৩০ টাকা। ধানের এই দরপতনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধের কারণে বাইরের পাইকারেরা আসতে না পারায় ধানের দাম কমছে। আর এ সুযোগে স্থানীয় ব্যবসায়ীরা কম দামে ধান কিনে নিচ্ছেন বলে কৃষকেরা অভিযোগ করেছেন। তবে দাম কমার কারণ সম্পর্কে পাল্টা যুক্তি দিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, হরতাল-অবরোধ ও ভারত থেকে চাল আমদানি করায় ধানের দাম কমছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দুই উপজেলার প্রধান ফসল ধান। এক মৌসুমের ধান বিক্রি করে কৃষকেরা পরের মৌসুমের আবাদ খরচ জোগান। বর্তমানে বোরো মৌসুম চলছে। কৃষকেরা বাধ্য হয়ে কম দামে আমন বিক্রি করে বোরো চাষের খরচ জোগাচ্ছেন।
কৃষকদের অভিযোগ, দেশে হরতাল ও অবরোধ শুরুর আগে প্রতি মণ ধান স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৫২০ থেকে ৫৩০ টাকায়। এরপর দাম কমতে কমতে বর্তমানে বিক্রি হচ্ছে ৩৯০ থেকে ৪০০ টাকায়। অবরোধের কারণে উপজেলার বাইরের ব্যবসায়ীরা আসতে পারছেন না। এ সুযোগে ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁরা সিন্ডিকেট করে কম দামে কৃষকদের কাছ থেকে ধান কিনে নিচ্ছেন।
বদরগঞ্জের দামোদরপুরের কৃষক ইয়াছিন আলীর অভিযোগ, ‘কম দামোত ধান কিনি থোওচে ব্যবসায়ীরা। অবরোধ খুললে তারা বেশি দামোত বেচাইবে।’
তারাগঞ্জের মেনানগর গ্রামের কৃষক কফিল উদ্দিন বলেন, ‘বেটির বিয়াও দিবার জন্যে ঘরোত ১০০ মণ ধান থুইচি। ভাবছি দাম বাড়বে। কিন্তুক বাড়া তো দূরের কতা, মণ পুরতি (প্রতি) দাম ১৩০ টাকা করি কমি গেইচে।’
তারাগঞ্জের ধান ব্যবসায়ী মফিজুল ইসলাম বলেন, ‘হরতাল-অবরোধে বাইরের পার্টি (ব্যবসায়ী) ধান কিনতে আসে না। আমাদের তবিল (তহবিল) তো কম। বাজারে ধান কেনার লোক না থাকলে দাম তো কমবেই।’
বদরগঞ্জের ধান ব্যবসায়ী ডিজেল সাহা বলেন, স্থানীয় ব্যবসায়ীরা ধান কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠান। হরতাল-অবরোধে তা পারা যাচ্ছে না। তা ছাড়া এখন ভারত থেকে চাল আমদানি হচ্ছে। মূলত এসব কারণে ধানের বাজারে ধস নামছে।