
পটুয়াখালীতে এবার আমনের ভালো ফলন হয়েছে। তবে হরতাল-অবরোধের কারণে ক্রেতা না আসায় ধানের দাম কমে গেছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে বরগুনার আমতলীতে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার এবং তরমুজের বীজের দাম অস্বাভাবিক বেড়ে গেছে।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় জানায়, এ বছর জেলায় ২ লাখ ৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে স্থানীয় জাতের ১ লাখ ১৫ হাজার ৫০০ হেক্টর ও উফশী জাতের ৯৩ হাজার ৮৫০ হেক্টর। উফশী ৩ লাখ ৫৬ হাজার ৫০০ মেট্রিক টন ও স্থানীয় জাতের ৪ লাখ ৫৭ হাজার ৫১৮ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে।
গত বুধবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা বাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পাশে মহাজন-ফড়িয়ারা কৃষকের কাছ থেকে ধান কিনে বস্তা ভর্তি করে সড়কের পাশে ফেলে রেখেছেন। এলাকার কৃষক সলেমান হাওলাদার (৪৮) বলেন, ‘এ বছর এক একর জমিতে আমনের আবাদ করেছি। দিন-রাত নিজের পরিশ্রম, বদলা (দিনমজুর), ট্রাক্টর দিয়ে চাষের খরচ, বীজ ও সার মিলিয়ে খরচ হয়েছে ১৪ হাজার টাকার মতো। ধান উৎপাদন হয়েছে ৪৭ মণ। নতুন ধান উঠলে দাম বাড়ার কথা থাকলেও এবার কমে গেছে। বাজারে প্রতি মণ ধান ৬০০ থেকে ৭০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে না।’
নাটোর থেকে আবুল কাসেম নামের এক ধান ব্যবসায়ী বলেন, প্রতিবছরই এ এলাকায় ধান কিনতে আসেন তিনি। এখানে ধান কিনে ট্রাকবোঝাই করে পাঠিয়ে দেন তাঁদের এলাকার ধানের মিলে। কিন্তু অবরোধের কারণে ধান কিনে ট্রাকে পাঠাতে সাহস পাচ্ছেন না তাঁরা।
পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান বলেন, কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে ধান পরিবহনকারী যানবাহনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর আমতলী উপজেলায় ৩ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়। এবার প্রায় ছয় হাজার হেক্টর জমি তরমুজ চাষের আওতায় আসবে বলে জানান কৃষকেরা। আমন ধান কাটার পর বর্তমানে ওই জমিতে তরমুজ চাষের জন্য বীজতলা তৈরির কাজ করছেন তাঁরা। কিন্তু আকস্মিক সার ও বীজের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে।
আমতলীর মহিষকাটা, আমড়াগাছিয়া, তালুকদারহাট ঘুরে জানা গেছে, খুচরা বাজারে ইউরিয়া সার সরকার নির্ধারিত ৭৮০ টাকা, টিএসপি ১ হাজার ১০০ টাকা ও ডিএপি ১ হাজার ২৫০ টাকা হলেও ইউরিয়ার বস্তা ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা, টিএসপি ও ডিএপি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। চাওড়া গ্রামের তরমুজ চাষি আবদুর রহিম মুসল্লি জানান, গত সোমবার তালুকদার বাজার থেকে ইউরিয়ার বস্তা কিনেছেন ১ হাজার ৫০ টাকায়, টিএসপি ও ডিএপি সারের বস্তা কিনেছেন ১ হাজার ৫০০ টাকায়।
আমড়াগাছিয়া বাজারের খুচরা সার ডিলার আবুল মিয়া বলেন, বিসিআইসি ডিলারদের কাছ থেকে তাঁরা প্রতি বস্তা টিএসপি সার ১ হাজার ৮০ টাকায়, ডিএপি সার ১ হাজার ৩০০ টাকায় ও ইউরিয়া ৭৮০ টাকা দরে কিনছেন। পাইকারি ডিলাররা অধিক মূল্যে সার বিক্রি করায় তাঁদের বাধ্য হয়ে কৃষক পর্যায়ে অধিক মূল্যে সার বিক্রি করতে হচ্ছে। তবে বিসিআইসি ডিলার সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা সরকার নির্ধারিত মূল্যেই খুচরা ডিলারদের কাছে সার বিক্রি করি।’
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল আলম বলেন, কোনো ডিলার বেশি দামে সার বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।