ধানের দাম কমায় ‘হালখাতায়’ প্রভাব
জয়পুরহাটের আক্কেলপুরের হাট-বাজারে ধানের দাম কম থাকায় ‘হালখাতার’ ওপর এর প্রভাব পড়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতায় কৃষক পর্যায়ের গ্রাহকদের কাঙ্ক্ষিত উপস্থিতি পাওয়া যাচ্ছে না। ধানের দাম কম থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা নববর্ষের প্রথম মাসে (বৈশাখ) ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতা করার নিয়ম। কিন্তু এই উপজেলার ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতা বৈশাখ মাসে করেন না। সেই সময় এলাকার মানুষ বোরো রোপণ করার কারণে অর্থাভাবে থাকেন। তাই বোরো ধান ওঠার পরই ব্যবসায়ীরা সারা বছরের বকেয়া টাকা তুলতে ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতার অনুষ্ঠান করেন। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়ে আষাঢ় মাস পর্যন্ত হালখাতার অনুষ্ঠান হয়। এলাকায় বহু বছর আগে থেকে এমন নিয়ম চালু রয়েছে।জানা গেছে, বোরো ধান ওঠার পর উপজেলায় ব্যবসায়ীরা তাঁদের বকেয়া গ্রাহকদের দাওয়াত কার্ড বিলি করছেন। এসব হালখাতা অনুষ্ঠানে গ্রাহকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে মাইকে অমুকের হালখাতায় গরু-খাসি জবাই করে খাওয়ানো হবে বলে প্রচার চালানো হচ্ছে। তার পরও ব্যবসায়ীরা হালখাতায় লোকজনের শতভাগ উপস্থিতি পাচ্ছেন না। সদরের মেইন সড়কের মামুন গার্মেন্টসের মালিক মামুনুর রশিদ জানান, গত ২৬ মে তাঁর দোকানের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। ২৪০ জন বকেয়া গ্রাহককে দাওয়াত কার্ড বিলি করেছিলেন। হালখাতায় মাত্র ৭২ জন গ্রাহক উপস্থিত হয়েছিলেন। হালখাতার খাওয়া খরচার টাকাও ওঠেনি। আওয়ালগাড়ী গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, ‘এই মুহূর্তে ধান বিক্রি করলে উৎপাদন খরচাও উঠবে না। তাই কারও হালখাতায়ও যাইনি। ধানের বাজার উঠলে ধান বিক্রি দিয়ে দোকানিদের বকেয়া টাকা পরিশোধ করব।’ আক্কেলপুর স্টেশনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুজ্জামান বলেন, বাজারে ধানের দাম থাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের হালখাতার ওপর এর কিছুটা প্রভাব পড়েছে।