ধানের দাম না পেয়ে সবজিতে ঝুঁকছেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার আমিরাবাদ মাস্টারহাট এলাকায় সবজিখেত পরিচর্যা করছেন কৃষক নুরুল আবছার l প্রথম আলো
লোহাগাড়ার আমিরাবাদ মাস্টারহাট এলাকায় সবজিখেত পরিচর্যা করছেন কৃষক নুরুল আবছার l প্রথম আলো

প্রতি মণ ধান উৎপাদনে কৃষকের খরচ হয় ৭০০ টাকার বেশি। অথচ বাজারে এক মণ ধান বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। আমন মৌসুমের ক্ষতির বোঝা কমাতে লোহাগাড়া উপজেলার কৃষকেরা তাই সবজির ওপরই ভরসা রাখছেন। গত মৌসুমের তুলনায় বেড়েছে সবজির উৎপাদনও।
লোহাগাড়া কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর বোরো মৌসুমে লোহাগাড়ায় ৩ হাজার ৬০০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। তবে এবার আমন ধানের দাম কম পাওয়ায় এর প্রভাব পড়েছে বোরো চাষের ওপর। গত বছরের তুলনায় বোরোর বীজতলা কম হওয়ায় বোরো চাষ এবার কিছুটা কমতে পারে বলে ধারণা করছেন কৃষি কর্মকর্তারা। তবে বোরো চাষ কমলেও বেড়েছে সবজির চাষ। গত বছর শীতকালীন শাকসবজি উৎপািদত হয়েছে ১ হাজার ২৩০ হেক্টর জমিতে। আর এবার সবজি চাষ হয়েছে ১ হাজার ৪০০ হেক্টর জমিতে।
সরেজমিনে দেখা গেছে, লোহাগাড়ার পদুয়া বাজারের জনতা রাইস মিলে ১২ জানুয়ারি প্রতি মণ চাল বিক্রি হয়েছে ৫৫০ টাকায়। এই চালকলের মালিক মো. নুরুল আলম জানান, গত বছর কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান ৮০০ থেকে ১০০০ টাকায় কিনেছিলেন। এবার কিনছেন ৫০০ থেকে ৬০০ টাকায়।
লোহাগাড়ার উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বুলবুল জানান, প্রতি কেজি বোরো ধান চাষে একজন কৃষকের ১৮ টাকা খরচ পড়ে। সে হিসাবে প্রতি মণ ধান উৎপাদনে খরচ পড়ে ৭২০ টাকা। বর্তমানে প্রতি মণ ধানের দাম পাওয়া যাচ্ছে ৬০০ টাকা। কৃষকদের আশঙ্কা, তাঁরা বোরো ধানের দাম পাবেন না। তাই তাঁরা সবজি চাষের দিকে ঝুঁকেছেন।
তিনি আরও জানান, প্রতি হেক্টরে সবজি চাষে খরচ হয় সাড়ে তিন লাখ টাকার মতো। অন্যদিকে এই পরিমাণ জমিতে উৎপাদিত সবজি বেচে আয় হয় সাড়ে চার লাখ টাকা। খরচের তুলনায় লাভ বেশি বলে অনেক কৃষক বোরো চাষ না করে সবজি চাষ করছেন।
উপজেলার চরম্বা এলাকার চাষি মো. মোস্তাক আহমেদ জানান, গত সপ্তাহে তিনি ছয় মণ ধান বিক্রি করেছেন। প্রতি মণ ধান ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। এতে ধান চাষের খরচ ওঠেনি তাঁর।
মোস্তাকের মতো লোকসান গুনেছেন টংকাবতী রাবার ড্যাম সমবায় সমিতির কৃষকেরাও। লোহাগাড়া টংকাবতী রাবার ড্যাম সমবায় সমিতির সভাপতি কৃষক নুরুল ইসলাম জানান, ধানের দাম কম হওয়ায় তাঁর সমিতির অধিকাংশ কৃষক এবার সবজি চাষ করে ক্ষতি কমাতে চাইছেন। তিনি আরও জানান, প্রতিবছর বোরো মৌসুমে তিনি ৪০০ শতক জমিতে ধান চাষ করতেন। কিন্তু এ বছর শুধু ৮০ শতক জমিতে ধান চাষ করছেন।
অনেকের মতো সবজি চাষ করে ক্ষতি কাটিয়ে ওঠার আশা করছেন উপজেলার আমিরাবাদ এলাকার মাস্টার হাট এলাকার কৃষক নুরুল আবছার। তিনি জানান, তিনি এবার প্রায় দেড় লাখ টাকা খরচ করে ৩০০ শতক জমিতে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, বেগুন, মুলা, শিম, মরিচ, শসা, টমেটো, আলু, ধনেপাতা ও সরিষার চাষ করেছেন। এরই মধ্যে ফুলকপি, বাঁধাকপি ও ধনেপাতা বিক্রি করে পেয়েছেন প্রায় ২৫ হাজার টাকা। এবার প্রায় তিন লাখ টাকার শীতকালীন সবজি বিক্রি হবে বলে ধারণা করছেন তিনি।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘যেহেতু বাজারে ধানের দাম এবার একটু কম, তাই কৃষকেরা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে বিকল্প হিসেবে শীতকালীন শাকসবজি উৎপাদন করছেন। আমরাও তাঁদের উৎসাহ দিচ্ছি।’