কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ধানের দাম বাড়লে গরিব মানুষের জন্য সমস্যা। বেশি দাম দিয়ে চাল কিনে খেতে হয়। আর ধানের দাম বেশি কমলে কৃষক ন্যায্যমূল্য পান না। সরকারের জন্য এটা যেন এক ‘শাঁখের করাত’। দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‘প্রান্তিক কৃষকবান্ধব নীতি পরিবেশ: বাংলাদেশ প্রস্তাবনা, কৃষক পার্লামেন্ট’ শীর্ষক ওই আলোচনা সভায় মতিয়া চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি আমন ধানের দাম কমে যাওয়া নিয়ে জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত সংবাদগুলো উল্লেখ করে বলেন, ধানের দাম কম পাওয়া নিয়ে যে উদ্বেগ বা আশঙ্কার কথা বলা হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন। কৃষকের যাতে ক্ষতি না হয়, সরকার সে চেষ্টা করবে।সরকার জমিতে ভারসাম্যপূর্ণ সার ব্যবহারের জন্য টিএসপি, এমওপি ও ডিএপি সারের দাম কমিয়েছে ও ইউরিয়া সারের দাম বাড়িয়েছে বলে উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ইউরিয়া সারের দাম কম থাকলে তা ইটভাটা, ট্যানারি ও মুড়ি সাদা করার কাজে ব্যবহূত হয়। সারের দাম ভারসাম্যপূর্ণ হওয়ায় এ বছর আমনের উৎপাদন ভালো হয়েছে বলে দাবি করেন তিনি। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, ধান-চালের দামের ওঠা-নামা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কেননা, চালের চাহিদা খুব একটা ওঠা-নামা করে না। দেশে প্রতিবছর অস্ট্রেলিয়া মহাদেশের সমান জনসংখ্যা বাড়ে বলে উল্লেখ করে তিনি বলেন, ষাটের দশকের তুলনায় দেশে কৃষক পরিবারের সংখ্যা বেড়ে তিন গুণ হয়েছে। কৃষি খামারগুলোর গড় আয়তন ১১ বিঘা থেকে কমে ছয় বিঘা হয়েছে। আলোচনা সভায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় কৃষিনীতির খসড়া বিষয়ে একটি সর্বসম্মত প্রস্তাব কৃষিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। ওই প্রস্তাবের সুপারিশগুলো তৈরির ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির কৃষক সংগঠন একমত হয়েছে বলে আয়োজকদের পক্ষে ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক মাসুদ আলী খান জানান। জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি নাজিমউদ্দিন বলেন, কৃষকের স্বার্থে আওয়ামী লীগ ও বিএনপির একজোট হয়ে কাজ করা উচিত। ভবিষ্যতে কৃষির স্বার্থে সর্বদলীয় উদ্যোগ নেওয়া হলে কৃষক দল তাতে যোগ দেবে বলেও জানান তিনি। বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, কৃষিমন্ত্রী সারের দাম বাড়ানোর পক্ষে যে যুক্তি দিয়েছেন, তা ঠিক নয়।সভার শুরুতে পাঁচজন কৃষক তাঁদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ঢাকায় শুরু হওয়া দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের অংশ হিসেবে ইনসিডিন বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এ সভাটির আয়োজন করে।