ধানের নাম রাঁধুনী পাগল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের চাষিরা হারিয়ে যাওয়া সুগন্ধি ‘রাঁধুনী পাগল’ ধান আবারও চাষের উদ্যোগ নিয়েছেন। অনেক আগে বরেন্দ্র অঞ্চলে এ ধানের চাষ হতো। কিন্তু উচ্চফলনশীল ধানের প্রচলনে অনেকটা হারিয়ে যায় দেশি জাতের এ ধানটি।নাচোলের প্রবীণ চাষিরা জানান, এ ধানের চালের ভাত রান্নার সময় এর সুগন্ধে পাশে বসে থাকা রাঁধুনির পাগল হওয়ার দশা হয়। রাঁধুনিদের তাই খুব পছন্দের ধান এটি। গ্রামের এক বাড়িতে রান্না করা হলে আশপাশের বাড়ি থেকেও এর সুগন্ধ পাওয়া যায়। ভাত খেতেও অত্যন্ত সুস্বাদু।বরেন্দ্র অঞ্চলে আবারও ধানটির প্রচলন ও প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছে নাচোল উপজেলায় কর্মরত রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) নামের একটি বেসরকারি সংস্থা।বারসিকের উদ্যোগে নাচোলের বরেন্দ্র গ্রামে এবার অন্যান্য অপ্রচলিত ২০টি দেশি জাতের সঙ্গে রাঁধুনী পাগল ধানও পরীক্ষামূলক চাষ করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই গ্রামের রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমন মৌসুমে প্রায়োগিক কৃষি গবেষণা’ শিরোনামে পরীক্ষামূলক চাষ করা দেশি জাতের ধানগুলো নিয়ে কৃষক মাঠ দিবসের আয়োজন করে বারসিক। অনুষ্ঠানে কৃষকেরা জানান, এবার এসব ধানে রোগ-বালাইয়ের কোনো আক্রমণ হয়নি। গবেষণা মাঠে উৎপাদিত ধানের ওজন নিয়ে দেখা যায় বিঘাপ্রতি ফলন হয়েছে ২৩ মণ।এ ধানের বীজ সংগ্রহ করা হয়েছে রাজশাহীর তানোর উপজেলার ধুবইল গ্রামের কৃষক ইউসুফ আলী মোল্লার কাছ থেকে। ইউসুফ আলী মোল্লা জানান, ৩০-৪০ বছর আগে এলাকায় প্রচুর পরিমাণে রাঁধুনী পাগল ধান চাষ করা হতো। এখন কেউ চাষ করেন না। তবে তিনি অতিথি আপ্যায়নের জন্য এ ধান প্রতিবছরই চাষ করেন।নাচোলের উপসহকারী কৃষি কর্মকর্তা ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, প্রায় ২৫-৩০ বছর আগে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন স্থানে রাঁধুনী পাগল ধানের চাষ হতো। আদিবাসী সাঁওতালেরাও এটি চাষ করতো।