ধানের ন্যায্যমূল্য দিতে না পারায় ক্ষমা চাইলেন কৃষিমন্ত্রী

কৃষকদের এবার উৎপাদিত ধানের ন্যায্যমূল্য দিতে না পারায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, আগামী বছর থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে আরও বেশি ধান সংগ্রহ করবে সরকার।
আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত নলীন-পিংনা-যোকারচর বাঁধ পরিদর্শন শেষে ওই এলাকার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
আবদুর রাজ্জাক বলেন, বন্যায় কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে নিতে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা যে পর্যন্ত ক্ষতি পুষিয়ে উঠতে না পারবেন, তত দিন পর্যন্ত তাদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। ভাঙনে ক্ষতিগ্রস্ত স্কুল-কলেজ, রাস্তা-ঘাট দ্রুত সময়ের মধ্যে মেরামত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি ও আত্মসাৎ করায় আদালত তাঁকে সাজা দিয়েছেন। তাঁকে জেল থেকে বের হতে হলে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হতে হবে। আন্দোলন করে বিএনপি অতীতে সফল হয়নি, এবারও হবে না।
পরে কৃষিমন্ত্রী গাবসারা ও নিকরাইল ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক প্রমুখ।