ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ঘোষণা অনুযায়ী বোরো মৌসুমে ধানের ন্যায্যমূল্যসহ ফসলের লাভজনক দামের নিশ্চয়তার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখা। গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকেরা বলেন, উৎপাদন ব্যয়ের চেয়ে ধানের দাম কম হওয়ার পাশাপাশি কৃষিশ্রমিকদের অভাব দেখা দিয়েছে। প্রতিদিন এক মণ ধানের দাম ও একজন শ্রমিকের পারিশ্রমিকের মূল্য সমান। এক মণ ধান উৎপাদন করতে ৭০০ টাকা খরচ হলেও হাট-বাজারে তা ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এ কারণে ধানের ফলন ভালো হলেও কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষক সমিতির জেলা শাখার সভাপতি মজিবর রহমান। বক্তব্য দেন সমিতির সহসভাপতি লাবিব আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও যুব ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক আরশেদ আলী।
বক্তারা বলেন, উৎপাদন ব্যয়ের চেয়ে ধানের দাম কম হওয়ায় অনেক কৃষক আবাদ ছেড়ে দিচ্ছেন। এ বছর সরকারিভাবে প্রতি মণ ধান ৯২০ টাকায় কেনার ঘোষণা দেওয়া হলেও অনেক কৃষক তা জানেন না। এ ছাড়া সুবিধাভোগী দালাল ও ফড়িয়াদের প্রভাবে কৃষকেরা সরাসরি সরকারি গোডাউনে ধান-চাল দিতে পারেন না। তাই সরকারিভাবে প্রতিটি ইউনিয়নে ধান কেনার কেন্দ্র চালু করলে কৃষকেরা আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবেন।