ধানের ন্যায্যমূল্যের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা উপজেলায় ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে না পারায় গতকাল সোমবার পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সোয়া দুই ঘণ্টা অবরোধ করে রাখেন কৃষকেরা। এ সময় তাঁরা মহাসড়কের ময়দানদীঘি এলাকায় সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ধান ফেলে ও ধানের ভ্যান-ট্রলি এলোমেলো করে যান চলাচল বন্ধ করে দেন।
স্থানীয়রা বলেন, গতকাল ছিল বোদা উপজেলার ময়দানদীঘির হাট। সকালে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা ধান বিক্রি করতে হাটে আসেন। আগের হাটগুলোতে ধান বিক্রি হলেও গতকাল ধান কেনার জন্য ব্যবসায়ীরা তেমন ছিলেন না। যাঁরা ছিলেন তাঁরাও কৃষকদের চাহিদা অনুযায়ী দাম দিতে রাজি নন। এই অবস্থায় বিক্ষুব্ধ কৃষকেরা পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ধান ফেলে ও ধানের বস্তাবোঝাই রিকশাভ্যান-ট্রলিগুলো এলোমেলোভাবে মহাসড়কে রেখে অবরোধ করেন।
কৃষকেরা বলেন, মণপ্রতি উৎপাদন খরচ ৬০০ টাকার বেশি হলেও আগের হাটগুলোতে ৫৫০ থেকে ৬০০ টাকায় ধানের মণ বিক্রি হচ্ছিল। কিন্তু ব্যবসায়ীরা হঠাৎ দাম কমিয়ে দিল। বীজ, সারসহ সব কৃষি উপকরণের দাম বাড়লেও ধানের দাম বাড়ছে না।
বোদার বেতবাড়ি এলাকার কৃষক আবদুল লতিফ বলেন, ‘কম করে হলেও মণপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা ধানের দাম হলে কিছুটা পোষায়। কিন্তু ব্যবসায়ীরা দিতে চাইছে মণপ্রতি ৪৫০ থেকে ৫০০ টাকা। দাম এত কম হলে আমরা বাঁচতে পারব না।’ এ দিকে অবরোধের ফলে মহাসড়কের শত শত যানবাহন আটকে পড়ে। পথচারী ও যাত্রীরা সাময়িক দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আউয়াল, কৃষি কর্মকর্তা আল মামুন, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ কৃষকদের ন্যায্যমূল্যে ধান কেনার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, ধানের মূল্যবৃদ্ধির জন্য কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পত্র পাঠানো ও স্থানীয় সাংসদের সঙ্গে বিষয়টি আলোচনা করার আশ্বাস দেন। তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কৃষকেরা অবরোধ প্রত্যাহার করেন।