ধানের ফলন ও দামে খুশি রায়গঞ্জের কৃষক
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে ধানের ফলন ভালো ও দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। গতকাল শনিবার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা হাটে ধান কেনাবেচা করতে আসা কৃষক ও মহাজনেরা এসব কথা জানান।
হাটে আসা আবুদিয়া গ্রামের কৃষক আবদুল কাদের বলেন, এবার আমন ধানের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি দামও অনেক বছর পরে ভালো। শেষ পর্যন্ত এ অবস্থা বজায় থাকলে কৃষক অনেক দিন পরে ধান আবাদ করে লাভবান হবেন।
একই ধরনের কথা বলেন মজুপুর গ্রামের আলতাব হোসেন ও আনছার আলীসহ কয়েকজন কৃষক। তাঁরা বলেন, বর্তমানে উপজেলার বিভিন্ন হাটবাজারে পাইজাম ধান ৯১০ থেকে ৯৫০ টাকা মণ বিক্রি হচ্ছে। এ ছাড়া বিনা-৭ ধান ৭০০ থেকে ৭৫০, বিআর-৪৯ ৮০০ থেকে ৮৩০, বিআর-১১ ৬৮০ থেকে ৭০০, স্বর্ণা ৭৫০ থেকে ৮০০, গুটি স্বর্ণা ৭০০ থেকে ৭৩০ ও রঞ্জিত ৭০০ থেকে ৭৯০ টাকা মণ বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় এবারে সব ধরনের ধানের দাম ২০০ থেকে ২৫০ টাকা মণপ্রতি বেশি।
চান্দাইকোনা এলাকার ধান ব্যবসায়ী মোজাহারুল ইসলাম বলেন, এবার ধানের চাহিদা বেশি। তাই দামও বেশি।
বিভিন্ন মোকামে ধান পাঠানোর কথা জানিয়ে আতিক বিশ্বাস নামের একজন ব্যবসায়ী বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে মহাজনেরা এখানে ধান কিনতে আসছেন বলে দাম ভালোই আছে।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হক মণ্ডল বলেন, এবারে উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় ২১ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়। ফলন ও দাম ভালো পেয়ে কৃষক খুশি। ধানের দাম এ রকম থাকলে আগামী দিনে ধান আবাদ আরও বাড়বে।