ধানের বাজার চালকল-মালিক ও পাইকারদের নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাজারগুলোতে সরবরাহ বেশি হওয়ায় ধানের দাম কম। সরকারিভাবে ধান-চাল সংগ্রহ এখনো শুরু না হওয়ায় চালকল-মালিক, পাইকার ও ফড়িয়ারাই ধানের বাজার নিয়ন্ত্রণ করছেন। বিকল্প না থাকায় কৃষকেরা কম দামে তাঁদের কাছেই ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে ধান বিক্রি করে অনেক কৃষকের উৎপাদন খরচও উঠছে না।হাজীপুর ইউনিয়নের করনা গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে ধানের কোনো হাট না থাকায় আমরা কষ্টে আছি। গ্রাম থেকে ধান আনতে ভ্যানভাড়া লেগেছে বস্তায় ২০ টাকা। পীরগঞ্জে এনে রাস্তায় অপেক্ষমাণ ফড়িয়াদের কাছে ৫১০ টাকা মণ দরে বিক্রি করেছি। এতে উৎপাদন খরচই উঠল না।’ সেত্রাপাড়া গ্রামের পিয়ার আলী বলেন, তাঁর এক বিঘা জমিতে ধান আবাদে খরচ হয়েছে ১০ হাজার ২৫০ টাকা। ধান পেয়েছেন ২০ মণ এবং তা ১০ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছেন। স্থানীয় কৃষকেরা বলছেন, ধান কাটা ও মাড়াই যত বেশি বাড়ছে, তত বেশি ধান বাজারে আসছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ধানের বাজারও হু হু করে কমছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় পীরগঞ্জ পৌরসভা হাট, জাবরহাট, নসিবগঞ্জ, লোহাগাড়া, কালিয়াগঞ্জ, ফাটারহাট, ভেবড়া বোর্ড হাট, ভাবনাগঞ্জ, কর্ণাইসহ কয়েকটি হাটে ধান বেচাকেনা হয়। কালপীর এলাকার কয়েজন চাষি জানান, অনেক পাইকার এখন কৃষকের বাড়ি বাড়ি গিয়ে বাজার দরের চেয়ে কমে ধান কিনছেন।উপজেলা চালকল-মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কশিরুল আলম বলেন, ধানের বাজার এখন সম্পূর্ণভাবে চালকল-মালিক, পাইকার-ফড়িয়াদের নিয়ন্ত্রণে চলে গেছে। এখনো সরকারিভাবে ধান সংগ্রহ করার কোনো খবর নেই। ধান তো বিক্রি করতেই হবে। চারদিক থেকে চাষিরা ধান আনছেন, ব্যবসায়ীরা সুযোগ পেয়ে তো ব্যবসা করবেনই। যত দ্রুত সরকারিভাবে ধান কেনা শুরু হবে, ততই চাষিদের জন্য ভালো হবে।উপজেলা কৃষি কর্মকর্তা মো.সহির উদ্দিন বলেন, এবার উপজেলায় গতবারের তুলনায় বেশি ধান উৎপাদিত হয়েছে। বিঘাপ্রতি উৎপাদিত হয়েছে ২৫-২৭ মণ। বিঘায় উৎপাদন খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। বর্তমানে বাজারে ধানের দাম কম। তাই তিনি ধান সংরক্ষণের পরামর্শ দিয়েছেন কৃষকদের।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল ইসলাম বলেন, সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হলেই ধানের দাম বাড়তে পারে। তখন চাষিদের দুশ্চিন্তা অনেকটা কমে যাবে।