ধানের বাজার ফড়িয়াদের নিয়ন্ত্রণে চাষিরা হতাশ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটবাজারে প্রচুর ধান আমদানি হলেও দাম কম। ধানের বাজার ফড়িয়াদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দাম কম হওয়ায় চাষিরা হতাশ। এ রকম দাম থাকলে তাঁদের উৎপাদন খরচই উঠবে না।স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবির চালকলের মালিকেরা চাষিদের কাছ থেকে ধান কেনা শুরু করেননি। এ সুযোগে ফড়িয়ারা চাষিদের বাড়ি ও গ্রামাঞ্চলের হাটবাজারে গিয়ে ধানের দাম কম বলছেন। চাষিরা বাধ্য হয়ে সেই দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে অনেকের উৎপাদন খরচই উঠছে না।আটাপুর ইউনিয়নের উচাই গ্রামের চাষি আবদুুর রাজ্জাক বলেন, এবার এক বিঘা জমির ধান কাটতে দুই হাজার টাকা মজুরি এবং উৎপাদন করতে ১০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি বিঘায় ধান হয়েছে ১৬ থেকে ১৮ মণ। দাম কম হওয়ায় ওই ধান বিক্রি হয়েছে সাড়ে আট থেকে নয় হাজার টাকায়। এতে তাঁর চার-পাঁচ হাজার টাকা লোকসান হয়েছে। গ্রামের বাজারে প্রতি মণ ধান ৫০০ থেকে ৫২০ টাকায় বিক্রি হচ্ছে।দাউদপুর গ্রামের কৃষক সেলিম হোসেন বলেন, সরকার ধান কেনা শুরু না করায় কম দামে বিক্রি করতে হচ্ছে। এ সুযোগে ফড়িয়া ও চালকলের মালিকেরা ফায়দা লুটছে। উচাই বাজারের ফড়িয়া আবু রায়হান, বিপ্লব কুমার কুণ্ডু ও বসন্ত কুমার ঘোষ জানান, তাঁরা ১০ টাকা কমিশনে ধান কিনে চালকলের মালিকদের দেন। নগদ টাকায় ধান কিনে মিলের মালিকদের কাছে বাকিতে বিক্রি করতে হয়।পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান বলেন, হাট ইজারাদারদের অত্যাচারে চাষিরা পাঁচবিবি বাজারে ধান বিক্রি করতে আসেন না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।