কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সরকারিভাবে ধান-চাল ক্রয় সংগ্রহ অভিযান শুরু হয়েছে ১ জুন। কিন্তু ধানের বাজারে ওই সংগ্রহ অভিযানের কোনো প্রভাব পড়েনি। কারণ, এখন পর্যন্ত এক ছটাক ধানও কিনতে পারেনি গুদাম কর্তৃপক্ষ। গুদামে জায়গা না থাকায় ধান কেনা যাচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা।
বাজারে প্রতি মণ মোটা ধান ৫০০ থেকে ৫২০ টাকায় আর চিকন ধান ৬২০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। উৎপাদন খরচ অনুযায়ী এবার মণপ্রতি কৃষকের লোকসান হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলায় ৪৫০ মেট্রিক টন চাল কেনা হয়েছে।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সরকারিভাবে ৫৪১ মেট্রিক টন চাল কেনার কথা রয়েছে। কৃষকের কাছ থেকে ধান কেনার বরাদ্দ এসেছে ৩১৪ মেট্রিক টন। চাল ক্রয় করার লক্ষ্যে ১ জুন থেকে উপজেলার নয়টি চালকলের মালিকেরা জেলা খাদ্য কার্যালয়ের মাধ্যমে সরকারের সঙ্গে চুক্তি করেছেন। ফলে ওই তারিখেই চাল কেনা শুরু হয়েছে। বাজারে ধানের দাম কম থাকায় কৃষকেরা সর্বস্বান্ত হলেও সরকারি খাদ্য ক্রয় অভিযানে সবচেয়ে লাভবান হচ্ছেন চালকল মালিকেরা।
নিকলীর খাদ্যগুদামে খোঁজ নিয়ে জানা গেছে, ধান-চাল ক্রয়ের ১৮ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে এক ছটাক ধানও কেনা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চাতাল ব্যবসায়ী জানান, সরাসরি কৃষকের কাছ থেকে সরকারের ধান কেনার কথা থাকলেও নানা জটিলতায় কৃষকেরা ধান নিয়ে আসতে চান না। ফলে পরবর্তী সময়ে সেই ধান সরকারি দলের নেতা-কর্মী ও চাতাল ব্যবসায়ীদের কাছ থেকেই কেনা হয়। তবে কৃষকদের মাধ্যমেই ধান কেনার বিষয়টি কাগজে-কলমে ঠিক রাখা হয়।
নিকলীর দামপাড়া ইউনিয়নের আলিয়াপাড়া গ্রামের কৃষক আছির উদ্দিন বলেন, ‘এবার সরকার ২২ টাকা কেজিতে ধান কিনছে। কিন্তু আমাদের ধান তো নেবে না। আমরা ধান নিয়ে খাদ্যগুদামে গেলে সেখানে থাকা অফিসের লোকজন নানা অজুহাতে ফেরত পাঠিয়ে দেয়। কখনো বলে গুদামে জায়গা নেই, কখনো বলে ধান ভালোভাবে শুকানো হয়নি। নানা বিড়ম্বনা। তাই লোকসান হলেও হয়রানির ভয়ে আমাদের মতো সাধারণ কৃষকের ধান বাজারেই কম দামে বিক্রি করতে হচ্ছে।’
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) বিপ্লব কুমার সরকার জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার চুক্তিবদ্ধ নয়টি কারখানা (মিল) থেকে ৪৫০ মেট্রিক টন চাল কেনা হয়েছে। আরও ৯১ মেট্রিক টন চাল কেনা হবে। জায়গা সংকুলান না হওয়ায় একসঙ্গে ধান কেনা এখনো সম্ভব হয়নি। গুদাম খালি হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি কৃষকের কাছ থেকে ৩১৪ মেট্রিক টন ধান কেনা হবে।