ধানের বাম্পার ফলন, তবু কৃষকের মুখে হাসি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বোরো ধানের বাম্পার ফলন হলেও দাম না থাকায় কৃষকের মুখে হাসি নেই। হাটবাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৪৮০-৫০০ টাকায়।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতি কেজি ধানের উৎপাদন খরচ পড়েছে সাড়ে ১৭ টাকা, যা প্রতি মণে দাঁড়ায় প্রায় ৭০০ টাকা। আর এই ধান হাটে এখন বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ১ লাখ ৩৩ হাজার ১৬০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এসব জমি থেকে ৫ লাখ ৬৫ হাজার ১৩০ মেট্রিক টন ধান পাওয়া যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। তাদের ধারণা, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে। ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধেক জমির ধান কাটা শেষ হয়েছে। ধানের দাম না পাওয়ায় কৃষকদের মাথায় হাত উঠেছে।
গত সোমবার গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাটে গিয়ে দেখা যায়, ১২ জন কৃষক ধান বিক্রি করতে এলেও বাজারে তেমন কোনো ক্রেতা নেই। ধান বিক্রি করতে আসা এই ১২ জন কৃষকের মধ্যে সাতজন ধানের দাম না পাওয়ায় ধান বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
গঙ্গাচড়ার চেংমারী গ্রামের কৃষক রিয়াজ মিয়া বলেন, তিনি এক মণ ধান হাটে এনেছিলেন, দাম না থাকায় ফেরত নিয়ে যাচ্ছেন। তবে ক্ষতি হলেও এই হাটে আধা মণ ধান বিক্রি করেন গঙ্গাচড়ার কিশামত হাবু গ্রামের কৃষক অলিউর মিয়া। তিনি বলেন, ‘আধা মণ ধান বেচেয়া (বিক্রি) ২৪০ টাকা পাইছি। এই টাকা দিয়া জরুরি কিছু জিনিস কেনা লাগবে।’
গঙ্গাচড়ার সদর ইউনিয়নের নবনিদাস গ্রামের কৃষক আমিনুর রহমান বলেন, তিনি প্রায় এক একর জমির ধান কেটে ঘরে তুলেছেন। প্রতি মণ ধানের উৎপাদন খরচ পড়েছে প্রায় ৬৮০ টাকা। এই ধান বাজারে বিক্রি হচ্ছে ৪৭০-৪৮০ টাকায়। এখন ধান বিক্রি করলে অনেক ক্ষতি। তাই বিক্রি না করে রেখে দিয়েছেন।
উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কিশামত হাবু গ্রামের সাগর মিয়া বলেন, ‘এক মণ ধান বেচেয়া (বিক্রি) একজন মজুরের টাকা পাওয়া যায়। ধান আবাদ করিয়া যদি দাম পাওয়া না যায় তাইলে হামারগুলার (কৃষক) কোমর পড়ি (ভেঙে) যাইবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম আশরাফ আলী বলেন, এ বছর প্রতি কেজি বোরো ধান উৎপাদনে খরচ পড়েছে ১৭ টাকা ৫২ পয়সা। এ হিসাবে মণপ্রতি খরচ দাঁড়ায় ৭০০ টাকা । তিনি আরও বলেন, সরকারের ধান ক্রয় অভিযান শুরু হলে ধানের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এবার সরকার ২৩ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। ৫ মে থেকে সরকারি পর্যায়ে ধান কেনা শুরু হবে।