ধানের ভালো ফলনে কৃষক খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলায় এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। দুপচাঁচিয়ায় ধান বিক্রির মৌসুম শুরু হতেই দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। তাই এসব অঞ্চলের কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। উপজেলা দুটির মাঠে মাঠে এখন কৃষকেরা রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত।

সরেজমিনে দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে গত মঙ্গলবার সকালে প্রচুর ধানের আমদানি দেখা যায়। উপজেলার তালুচ গ্রামের কৃষক হারুন অর রশিদ ধান বিক্রি করতে এসেছিলেন। তিনি বলেন, গত কয়েক বছরের চেয়ে এবারই ধানের দাম বেশি। এবার ধানের বাম্পার ফলনও হয়েছে। এ রকম ধানের বাজার থাকলে কৃষকদের আর ঋণের বোঝা টানতে হবে না।

খোঁজ নিয়ে জানা যায়, ধাপসুলতানগঞ্জ হাটে রণজিৎ জাতের ধানের দর মণপ্রতি ৭৯০ টাকা, বিনা-৭ ৭৫০ এবং লাল পাইজাম ৯১০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। ধান কিনতে এসেছেন চাতাল ব্যবসায়ী শরিফুল ইসলাম। তিনি বলেন, গত বছর এই সময়ে বিভিন্ন জাতের ধানের দর ছিল এবারের চেয়ে মণপ্রতি অন্তত ১৩০ থেকে ১৫০ টাকা কম। এবার ধানের মানও ভালো।

পাওগাছা গ্রামের কৃষক কমল কান্তি বর্মণ বলেন, ‘এবার ধান লাগানোর পর গামড়ের সময় আকাশের পানি (বৃষ্টি) ছিল না। কৃষকেরা হতাশ হয়ে পড়েছিল। অনেক মাঠে শ্যালো মেশিন দিয়ে সেচের ব্যবস্থা করা হয়। কিন্তু ভগবানের কৃপায় পরে তিন-চার দিনের বৃষ্টিতেই ধানখেতের চেহারা পাল্টে যায়। এবার বিঘাপ্রতি ১৬-১৭ মণ ধানের ফলন হবে। গত কয়েক বছরের চেয়ে হাটবাজারে ধানের দামও বেশি। আমরা খুশি।’

উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন বলেন, উপজেলায় রোপা আমন ধান ১৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। মৌসুমের শুরুতে বৃষ্টি না থাকায় দু-এক জায়গায় শ্যালো মেশিন দিয়ে খেতে পানির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু পরে তিন-চার দিনের বৃষ্টিতেই খেতের চেহারা পাল্টে যায়। ধানগাছে এবার পোকামাকড় কম ছিল। ফলনও হয়েছে ভালো। ধান কাটার মৌসুমের শুরুতে ধানের দর বেশি হওয়ায় কৃষকদের ঘরে ঘরে উৎসবের আমেজ।

এদিকে সরেজমিনে আত্রাই উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, কৃষক ও মজুরেরা দলবেঁধে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার মনিয়ারী ইউনিয়নের একটি মাঠে ধান কাটছিলেন কৃষ্টপুর গ্রামের কৃষক আবদুল গাফফার। তিনি বলেন, স্বর্ণা-৫ ও রণজিৎ জাতের ধান লাগিয়েছেন তিনি। বিঘাপ্রতি ১৬ থেকে ১৮ মণ হারে ফলন পাওয়া যাচ্ছে। আর বাজারে বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা দরে। এ দাম পাওয়া গেলে কৃষকেরা খুশি।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, এবার চলতি মৌসুমে উপজেলায় ৫ হাজার ৮০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার বলেন, এবার আমন মৌসুমে অনুকূল আবহাওয়া এবং সার ও বীজের সংকট না থাকায় উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা দামও ভালো পাচ্ছেন।