ধানের ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার চাদরে উঁকি দিচ্ছে সকালের সোনা রোদ। হেমন্তের মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠের সোনালি ফসল। দিগন্ত বিস্তৃত মাঠে যেদিকে চোখ যায়, শুধু সবুজের মধ্যে সোনালি ঝিলিক। কোথাও পাকা ধান আবার কোথাও আধা পাকা। বাজারে নতুন ধানের ভালো দাম পেয়ে কৃষকের চোখে-মুখে আনন্দের হাসি। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ধানা কাটা ও মাড়াইয়ের কাজ।
গত শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঠে গেলেই এখন চোখে পড়ে এ দৃশ্য। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা আমন ধান কাটতে এ উপজেলায় এসে জড়ো হয়েছেন। গ্রামে গ্রামে অস্থায়ী ঘর তৈরি করে চলছে মাড়াইয়ের কাজ। ধানের দাম বৃদ্ধিতে ধান কাটা উৎসবে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষাণ-কৃষাণীরা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শুধু ধান আর ধান। খেতের ধানে সোনালি রং। কোনো কোনো খেতে শুরু হয়েছে ধান কাটা। কিছু খেত এখনো সবুজ হয়ে আছে। আট-দশ দিনের মধ্যেই বাকি ধানও পেকে যাবে।
তেঘরী গ্রামের কৃষক ছামসুল ইসলাম বলেন, খরচ আর ধানের দাম মিলিয়ে এবার মোটামুটি ভালোই লাভ হবে। এখন পর্যন্ত ধানের যা দাম তাতে উৎপাদন খরচ মিটিয়ে কিছু ধান রাখতে পারলে কয়েক মাসের খোরাকের চিন্তাও থাকবে না।
উপজেলার কলুমগাড়ী মহল্লার কৃষক শাজাহান আলী জানান, এবার তিনি এক বিঘা জমিতে আমন ধানের চাষ করেছেন। এতে তাঁর খরচ প্রায় সাড়ে চার হাজার টাকা। তিনি ধান পেয়েছেন ১৩ মণ। প্রতি মণ ৭২০ টাকা দরে নয় হাজার ৩৬০ টাকায় বিক্রি করেছেন। আর খেতের খড় বিক্রি করেছেন এক হাজার ৮০০ টাকায়। এবার আমন চাষ করে তাঁর ছয় হাজার ৭৬০ টাকা লাভ হয়েছে।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, উপজেলায় এবার ২১ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। খরার কারণে ফলন কিছুটা কমলেও আপাতত বাজারদরে কৃষকেরা লাভবান হবেন।