ঠাকুরগাঁওয়ে বিভিন্ন হাটবাজারে আমন ধানের দাম কমে গেছে। লাগাতার হরতাল-অবরোধ চলায় জেলার বাইরে থেকে পাইকারি ব্যবসায়ীরা আসতে না পারায় ধানের দরপতন ঘটেছে। এতে কৃষকেরা বিপদে পড়লেও লাভবান হচ্ছেন মজুতদার ও চালকলের মালিকেরা। তাঁরা কম দামে ধান কিনে তা চাল করে বেশি দামে বাজারে ছাড়বেন।
গত ৬ ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গী উপজেলার লাহেড়ী হাট, ৭ ফেব্রুয়ারি খোঁচাবাড়ি হাট ও ৮ ফেব্রুয়ারি রানীশংকৈল উপজেলার নেকমরদ হাটে দেখা গেছে, প্রতি মণ আমন ধান বিক্রি হচ্ছে ৬৩০ থেকে ৬৫০ টাকা দরে। আর সেসব ধান দরাদরি করে কিনে নিচ্ছেন ফড়িয়ারা। ধান কেনার পর তা স্তূপ করে রাখছেন তাঁরা। চালকলের মালিকেরা ফড়িয়াদের দিয়ে ধান কেনাচ্ছেন। তাঁরা ৬৩০ টাকায় ধান কিনে চাল করে তা ১ হাজার ২৫০ টাকায় বিক্রি করবেন। অর্থাৎ ৪০ কেজি ধান থেকে চাল করার পর ২৭ কেজি টিকে থাকে। সে ক্ষেত্রে প্রতি কেজি ধান ২৩ টাকা দরে কিনলে চাল প্রতি কেজি বিক্রি করে পাওয়া যাচ্ছে ৩১ টাকা।
সদর উপজেলার গৌরীপুর গ্রামের আবদুল বারেক, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া গ্রামের রঞ্জন রায়, রানীশংকৈলের বাচোর গ্রামের সমির উদ্দিনসহ কয়েকজন ধান বিক্রেতা জানান, অবরোধের আগে প্রতি মণ স্বর্ণগুটি ধান ৭২৫ টাকায় বিক্রি হলেও এখন সেই ধান বিক্রি হচ্ছে ৬৩০ থেকে ৬৫০ টাকায়।
নেকমরদ হাটের কৃষক আবদুর রহিম বলেন, ‘ছয় মণ স্বর্ণগুটি ধান হাটে এনে ঘণ্টা দুয়েক অপেক্ষার পর এক পাইকার আসেন। তিনি প্রতি মণ ধান ৫৮০ টাকা দর দিতে চাইলে উপায় না দেখে ৩ হাজার ৪৮০ টাকায় বিক্রি করে দিই।’
১৪ ফেব্রুয়ারি নেকমরদ হাটে ধান কিনছিলেন রহমত আলী নামের অপর এক পাইকার। তিনি বলেন, অবরোধের কারণে বাইরের পাইকারেরা এখন ধান কিনতে আসতে পারছেন না। এতে ধানের দাম কমে যাওয়ায় এক মহাজন তাঁকে ধান কেনার পর গুদামে রেখে দিতে টাকা দিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৫০০ বস্তা ধান কিনেছেন। প্রতি মণ ৫৮০ থেকে ৫৯০ টাকা দরে কিনেছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে পরে তা মিলে পাঠিয়ে দেওয়া হবে। এখন ধানের দাম কম থাকায় আগের চেয়ে প্রতি মণ ধান ন্যূনতম ১০০ টাকা কমে কেনা সম্ভব হবে।
চালকলের মালিক মনোয়ার হোসেন বলেন, ‘অবরোধ-হরতালের কারণে ধানের দাম কমে যাওয়ায় কিছু ধান কিনে রাখছি। এগুলো পরে চাল করে আবার বাজারে ছেড়ে দেওয়া হবে। আমরা মুনাফার জন্য পুঁজি খাটাই। আর মুনাফা পেতে এই সুযোগটুকু নেওয়া কোনো অপরাধ নয়।’
ঠাকুরগাঁওয়ের আবদুর রশীদ ডিগ্রি মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক কামরুল ইসলাম বলেন, কৃষকেরা সব সময়ই ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। তাঁরা ধান বিক্রি করেন কম দামে। আর পরে তা থেকে উৎপাদিত চাল কিনে খান বেশি দামে।
ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার জানান, আমন ধান ওঠার পর শুরুতে কৃষকেরা দাম কিছুটা ভালো পেয়েছিলেন। কিন্তু হরতাল-অবরোধের কারণে এখন দাম অনেক কমে গেছে। আর এই দরপতনের সুযোগ নিচ্ছে বড় চালকলের মালিকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ৩১ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৩৮৭ মেট্রিক টন।