ধানের শীষ কার হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা ও সদরের একাংশ) আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রত্যেকেই দাবি করেছেন, চূড়ান্ত মনোনয়ন তাঁরই পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু ধানের শীষ কার হাতে যাবে, সেটা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্য রাজনৈতিক দলগুলো থেকে একক প্রার্থী মনোনয়পত্র জমা দেওয়ায় তাঁদের কর্মী-সমর্থকেরা নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। সেখানে স্থানীয় বিএনপি এখনো সিদ্ধান্তহীনতায়। তবে বিএনপির একাধিক শীর্ষ নেতার ভাষ্য, মনোনয়নপত্র বাছাই শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থীর নামধাম জানিয়ে দেওয়া হবে।

মনোনয়নপত্র জমা দেওয়া চারজন হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, আহ্বায়ক কমিটির সদস্য লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান ও শরীফুজ্জামান শরীফ। শামসুজ্জামানের পক্ষে তাঁর ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা এবং বাকি তিন নেতা সশরীর নিজ নিজ অনুসারীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

একাধিক নেতা বলেন, একক প্রার্থী দ্রুত নিশ্চিত করা দরকার। তা না হলে সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

শামসুজ্জামান দুদু ১৯৯৬ সালে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (বর্তমান সাংসদ) সোলায়মান হক জোয়ার্দ্দারকে হারিয়ে সাংসদ নির্বাচিত হন। অহিদুল ইসলাম বিশ্বাস দুই দফায় পৌরসভার চেয়ারম্যান ছিলেন। শরীফুজ্জামান আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একবার অংশ নিয়ে হেরে যান। বিডিআর বিদ্রোহে বেঁচে যাওয়া কর্মকর্তা হিসেবে লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান সে সময় আলোচিত হয়েছিলেন।

সৈয়দ কামরুজ্জামান গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘একক প্রার্থীর বিষয়ে কেন্দ্র থেকে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যতদূর জানি, যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেবে। চুয়াডাঙ্গাতে যেহেতু অন্তর্দ্বন্দ্ব আছে, দল পরিচ্ছন্ন ভাবমূর্তির লোক হিসেবে আমার বিষয়টি দেখছে।’ তিনি দাবি করেন, কেন্দ্রীয় নেতৃত্ব জেনেছেন, এখানে বিবদমান পক্ষগুলো কেউই তাঁর বিপক্ষে না। কারও সঙ্গে সম্পর্ক খারাপ নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সবাই অঙ্গীকার করেছেন, দল যাঁকে ধানের শীষ দেবে, সবাই তাঁর হয়ে কাজ করবেন।

শরীফুজ্জামান বলেন, ‘ইনশা আল্লাহ, মনোনয়ন আমিই পাব। নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয়লাভের লক্ষ্যে রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছি। তারপরও দল যদি অন্য কাউকে যোগ্য মনে করে চূড়ান্ত মনোনয়ন দেয়, সবাই মিলে তাঁকে নিয়ে মাঠে নামব এবং দলকে এই আসন উপহার দেব।’

মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী দাবি করে শামসুজ্জামান জানান, চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা জানতে অন্তত মনোনয়নপত্র বাছাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঈদের পর ভোট অন্যতম বড় উৎসব। কিন্ত সে রকম স্বাভাবিক পরিবেশ এখন দেশে নেই। সিভিল সোসাইটিও কথা বলতে পারছে না। গুমোট পরিস্থিতি।’ একাধিক প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দেওয়ার ঘটনাকে কেন্দ্রের কৌশল বলে মনে করেন।

অহিদুল ইসলাম বিশ্বাস দাবি করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকেই একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। অন্যরা অন্য নেতাদের সঙ্গে যোগাযোগ করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি আরও বলেন, ‘এইবার নিয়ে দল তিনবার আমাকে মনোনয়ন দিল। যোগ্যতার বিবেচনায় চূড়ান্ত হিসেবে আমাকেই দেবেন এবং দলীয় নেতা–কর্মীরা জয়ের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে মাঠে কাজ করবেন।’