কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের কামরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আবদুল কাইয়ুম জগ নিয়ে এবং বিএনপির আশরাফ হোসেন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। ভোটাররা বলছেন, এখানে লড়াই হবে নৌকা আর জগের মধ্যে।
ভোটাররা বলেন, এখানকার বেশির ভাগ ভোটার আওয়ামী লীগের সমর্থক। তাই বিএনপি-সমর্থিত কিছু ভোটার আওয়ামী লীগের প্রার্থীকে ঠেকানোর জন্য ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাইয়ুমের পক্ষে অবস্থান নিয়েছেন। এখানে জাতীয় পার্টির প্রার্থী নেই। এ দলটিরও একটি অংশ কাজ করছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। আবদুল কাইয়ুমের পক্ষে আওয়ামী লীগের একটি অংশ কাজ করার পাশাপাশি, বিএনপি ও জাতীয় পার্টির লোকজন কাজ করছেন। তাই এখানে ধানের শীষ প্রতীককে ছাপিয়ে নৌকা ও জগের মধ্যে লড়াই হবে।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, বিএনপির প্রার্থী ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আশরাফ হোসেন পৌর কমিটির আহ্বায়ক। তাঁকে মনোনয়ন দেওয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুর রহমান এবং তাঁর অনুসারীরা কাইয়ুমের পক্ষে মাঠে নেমেছেন।
রফিকুর রহমান বলেন, ‘ এখানে ধানের শীষের প্রার্থীকে দিয়ে নির্বাচনী মাঠে জয় ছিনিয়ে আনা কোনোভাবেই সম্ভব না। মেয়র আবদুল কাইয়ুম ভালো মানুষ হিসেবে পরিচিত। তাই তাঁর পক্ষে কাজ করছি।’
বিএনপির প্রার্থী আশরাফ হোসেন বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। নির্বাচন সুষ্ঠু হলে জয়ী হব। পৌরসভায় বিএনপির ভোটারসংখ্যা আওয়ামী লীগের চেয়ে কিছু কম। আওয়ামী লীগের ভোট নৌকা ও জগ প্রতীকে ভাগাভাগি হবে, যা আমার পক্ষে যাবে।’
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, পৌর কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এখানে নৌকা প্রতীক পেয়েছেন। আবদুল কাইয়ুম উপজেলা যুবলীগের আহ্বায়ক। গত নির্বাচনে তিনি কামরুল ইসলাম চৌধুরীকে পরাজিত করে মেয়র হন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘পৌরসভার উন্নয়ন বেগবান করতে জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করবে বলে শতভাগ আশাবাদী আমি।’
আবদুল কাইয়ুম বলেন, ‘দল আমাকে মনোনয়ন না দিলেও পৌরবাসীর সর্বস্তরের ভোটারদের সমর্থন নিয়ে ভোটযুদ্ধে নেমেছি।’