ধানের শীষ প্রতীক বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ীতে বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীক বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডলের বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে টাকার বিনিময়ে জাতীয় পার্টির একজনকে গরিনাবাড়ী ইউপিতে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে গরিনাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী আনছারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. আবদুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মকসেদুর রহমান, ছাত্রদল সভাপতি আবু হানিফ, কৃষক দলের নেতা মনোয়ার হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমরা বর্তমান প্রতিকূল পরিবেশে দীর্ঘ সাত বছর ধরে নানাভাবে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। পঞ্চম দফার ইউপি নির্বাচনে আমাদের বেশ প্রস্তুতি ছিল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সভাপতি আইয়ুব আলী আনছারী ও উপজেলা কৃষক দলের নেতা মনোয়ার হোসেনের নাম চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য প্রস্তাব করেছি। তাঁদের একজনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিলে আমরা জয়লাভ করতাম। কিন্তু জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় পার্টির একজনকে ধানের শীষ প্রতীক বরাদ্দের ব্যবস্থা করেছেন।’ মনোয়ার হোসেন বলেন, ‘নেতা-কর্মীদের চাপে বাধ্য হয়ে আমাকে স্বতন্ত্র প্রার্থী হতে হচ্ছে। আমরা দুজন দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।’
আইয়ুব আলী আনছারী বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন না করে প্রার্থী দেওয়া হয়েছে। তাই আমরা ধানের শীষ প্রতীক বর্জন করলাম।’
এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলতামাশ হোসাইনকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। আলতামাশ হোসাইন বলেন, ‘আমি জেলা বিএনপির সদস্য। আমার বাবা সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।’
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ‘আলতামাশ হোসাইন জেলা বিএনপির সদস্য। তাঁর বাবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ মিথ্যা।’
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছি। টাকার বিনিময়ে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ভোটের পর এর প্রমাণ পাওয়া যাবে।’