ধানের শীষে খাদ্যঘাটতি, নৌকায় গোলায় ধান : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে সরকারি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজ আমার আনন্দের দিন। আমার স্কুল আজিমপুর গার্লস স্কুল এখন থেকে সরকারি স্কুল।’ আজ শনিবার আজিমপুর গার্লস স্কুলের মাঠে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘গত নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঞ্চিত হননি। আওয়ামী লীগ নৌকা নিয়ে আসে। আর গোলায় ধান দেয়। কিন্তু বিএনপি ধানের শীষ নিয়ে আসে। দেশে খাদ্যঘাটতি তৈরি করে।’
এ সময় তিনি হাত তুলে এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘আপনারা কি দেবেন ভোট?’ তখন ছাত্রীরাও হাত তুলে ‘হ্যাঁ’ জানায়। প্রধানমন্ত্রী বলেন, তাদের অনেকেই ভোটার হয়নি। আগামীতে ভোটার হলে ভোট দেবে।  প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে কেউ অশিক্ষিত থাকবে না। প্রত্যেকে সুশিক্ষায় সুশিক্ষিত হবে। এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রজন্মের পর প্রজন্ম সোনার বাংলা গড়ে তুলবে। ’
প্রধানমন্ত্রীর দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যের বেশির ভাগ অংশ জুড়েই ছিল উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ। তিনি বলেন, সরকার খাদ্য, শিক্ষা, চিকিত্সা থেকে শুরু করে সব ক্ষেত্রে দেশকে উন্নত করেছে।
 

যেমন খুশি তেমন সাজোতে প্রথম হয়েছিলাম

বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি পুরোনো দিনের কথা মনে করে বলেন, ‘এই স্কুলের সঙ্গে আমার অনেক স্মৃতি। আমার রাজনীতির হাতেখড়ি এই স্কুল থেকে। ১৯৬২ সালে ছাত্র-আন্দোলন হয়েছিল। তখন শিক্ষকদের চোখ এড়িয়ে আমরা স্কুল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিটিং শুনতে যেতাম। স্কুলের ওই দোলনায় অনেক দোল খেয়েছি। এই মাঠে হাডুডু খেলেছি। স্কুলজীবন সবচেয়ে সুন্দর জীবন। মনে পড়ে একবার যেমন খুশি তেমন সাজোতে আমি প্রথম হয়েছিলাম।’ তিনি বলেন, ‘স্কুল থেকে বাড়ি ফেরার সময় কতবেল, তেঁতুলের আচার খেতে খেতে বাড়ি ফিরতাম। তার মজা অন্যরকম ছিল। কিন্তু এখন আর সেদিন আসবে না।’

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, ‘তোমরা দেশকে ভালোবাসবে। লেখাপড়া শিখবে। তোমাদের মধ্যে থেকে একদিন দেশে কেউ প্রধানমন্ত্রী হবে।’ তিনি স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখন সরকারি চাকরি পাবেন। মেয়েদের ঠিকভাবে শিক্ষা দেবেন। সেটাই চাই।’ তিনি বলেন, ‘এটা যেন ঢাকার এক নম্বর স্কুল হয়।’