ধানের শীষের জয়ে বাধা হতে পারে খেলাফত মজলিস
নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের লাঙ্গল প্রতীকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে জাতীয় ঐক্যফ্রন্টের এস এম আকরামের। এমনটাই মনে করছেন এলাকার ভোটাররা। তবে এই আসনে ধানের শীষের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে ২০–দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের দেয়ালঘড়ি।
সদর-বন্দর নিয়ে গঠিত আসনটিতে জমে উঠেছে লাঙ্গল ও ধানের শীষের প্রচারণা। লাঙ্গলের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন মহাজোটের নেতা–কর্মীরা। বিপরীতে এস এম আকরামের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কসহ বেশ কয়েকজন নেতা নতুন করে মামলার শিকার হয়েছেন। ফলে প্রচারণায় মাঠে সুবিধা করতে পারছেন না বিএনপির নেতা–কর্মীরা। এমন পরিস্থিতিতে জোটের শরিক দল খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসেন ভোটের মাঠে নেমেছেন নিজেদের সবটুকু শক্তি নিয়ে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাচ্ছেন দেয়ালঘড়ির প্রচারণা।
মহানগর খেলাফত মজলিসের সম্পাদক শাহ আলম বলছেন, মানুষের পক্ষের আন্দোলন–সংগ্রামে সক্রিয়তার ফলে আসনটিতে কবির হোসেন বেশ জনপ্রিয়। এর আগে বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন তিনি।
নিজের নির্বাচন নিয়ে কবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০–দলীয় জোটের অনুমতি নিয়েই খেলাফত মজলিস এখানে সংসদ নির্বাচন করছে। দেয়ালঘড়ি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করছে। দিনরাত আমরা ব্যাপক মাত্রায় প্রচারণা চালাচ্ছি। আশা করছি, সত্তরের নির্বাচনের মতো এবারও জনগণ দুঃশাসনের বিরুদ্ধে ভোট দেবে।’
ধানের শীষের জয়ে খেলাফত মজলিসের সমর্থন খুব বেশি প্রয়োজন বলে মনে করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল। তিনি বলেন, ‘খেলাফত মজলিসের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। নির্বাচন করাটা তাদের গণতান্ত্রিক অধিকার। তবে আমরা বিশ্বাস করি, খালেদা জিয়ার মুক্তি ও নারায়ণগঞ্জবাসীকে দুঃশাসন থেকে মুক্তি দিতে তারা ধানের শীষের পক্ষেই মাঠে নামবে।’