দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং প্রচারে নিষ্ক্রিয় থাকার অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির চার নেতাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।
পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চারটি চিঠি গত বৃহস্পতিবার তাঁদের কাছে পাঠানো হয়েছে। তাঁরা হলেন পৌর বিএনপির সহসভাপতি জাহিদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন ও ছাত্রবিষয়ক সম্পাদক ইমরুল কায়েস।
ইসলাম হোসেন দাবি করেন, এটি একটি চক্রান্ত । বিগত দিনে যাঁরা নৌকার ভোট করেছিলেন, তাঁরাই চক্রান্ত করে এটি করেছেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মকলেছুর রহমান বাবলুকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু ঈশ্বরদী পৌর বিএনপির ওই চার নেতা দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ না নিয়ে নিষ্ক্রিয় রয়েছেন। ঈশ্বরদী পৌর বিএনপির সভাপতি আকবর আলী বিশ্বাস ১৫ ডিসেম্বর ওই চারজনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র পাবনা জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের কাছে পাঠান।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, তদন্তে ওই চার নেতার বিরুদ্ধে নিষ্ক্রিয়তা, ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ দলীয় শৃঙ্খলাভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তাঁদের কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।