ধানের সমুদ্রে কৃষকের মলিন মুখ
বিস্তীর্ণ হাওরজুড়ে পাকা ধান। যেন ধানেরই সমুদ্র। তবু কৃষকের মুখে হাসি নেই। বাজারে ন্যায্যমূল্য না থাকায় মলিন মুখেই ধান কাটা শুরু করেছেন কৃষকেরা।২০-২২ দিন ধরে হাওরাঞ্চলসহ জেলার ১৩টি উপজেলায় পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। দিন-রাত চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। বৃহত্তর ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষিশ্রমিকেরা ধান কাটতে হাওরে এসে জড়ো হয়েছেন। কৃষকের পাশাপাশি শিশুরাও ধান কাটা উৎসবে মেতে উঠেছে। অস্থায়ী ঘর নির্মাণ করে কৃষিশ্রমিকেরা ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে যাচ্ছেন। আগামী ১০-১২ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে বলে কৃষকেরা জানিয়েছেন।কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এ বছর এক লাখ ৬৬ হাজার ৬৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ছয় হাজার ৬৩৫ হেক্টর বেশি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ছয় লাখ ৫০ হাজার মেট্রিক টন।হাওরের চামড়াঘাট মোকামে সরেজমিনে দেখা গেছে, বাজারে প্রতি মণ মোটা ধান ৪৫০ টাকা ও চিকন ধান ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, কৃষকদের এবার লোকসান গুনতে হচ্ছে। কিন্তু তাঁদেরও করার কিছু নেই।ইটনা উপজেলার বড়িবাড়ী গ্রামের কৃষক মোতালিব মিয়া জানান, তাঁর তিন একর জমিতে ২৪০ মণ ধান উৎপাদন হয়েছে। সার, কীটনাশক, সেচ ও অন্যান্য খরচ নিয়ে প্রতি মণ ধানে (চিকন) খরচ হয়েছে ৬১০ টাকারও বেশি। বর্তমান বাজারমূল্যে কয়েক হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে।হাওর উপজেলা মিঠামইনের চারি গ্রামের কৃষক রঙ্গু মিয়া জানান, এবার বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে ধানের ন্যায্যমূল্য নেই। উৎপাদন ব্যয় এ বছর কিছুটা বেশি। ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়েছে।অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চক্রবর্তী জানান, এবার বাম্পার ফলন আশীর্বাদ হিসেবেই দেখছেন হাওরবাসী। কিন্তু ধানের দর কম হওয়ায় কৃষকের ভাগ্যে অভিশাপ নেমে এসেছে। সরকার উপযুক্ত মূল্য নির্ধারণ না করে দিলে কৃষকদের পথে বসতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার সাহা বলেন, এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। তবে ন্যায্যমূল্য না পেলে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।