ধাপে ধাপে কঠোর আন্দোলনে যাবে বিএনপি
নির্দলীয় তত্ত্ব্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করবে বিএনপি। ধাপে ধাপে কঠোরভাবে এ আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে দলের নেতারা একমত হয়েছেন।গতকাল শনিবার রাতে গুলশানের কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ আলোচনা হয়েছে। বৈঠকে স্থায়ী কমিটির ১৯ জন সদস্যের মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন।বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা ধারাবাহিক আন্দোলন করব। বৈঠকে আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে। তবে কীভাবে আন্দোলন কর্মসূচি পালন করা হবে, তা চূড়ান্ত করা হবে সমমনা ও চারদলীয় জোটের অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে।মির্জা ফখরুল ইসলাম বলেন, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি মনে করে, মনমোহনের এ সফর ব্যর্থ হয়েছে। বৈঠকে বিক্ষোভ সমাবেশ, রোডমার্চ, লংমার্চ, মানববন্ধন ও সারা দেশে নেতাদের সফরের কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।