ধাপে ধাপে সহিংসতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্র: প্রথম আলো
সূত্র: প্রথম আলো

শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নিয়েছে উপজেলা নির্বাচন। প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণ হলেও দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই আর শক্তি প্রয়োগের ঘটনা ঘটেছে বেশি মাত্রায়। একই সঙ্গে নির্বাচনী ফলাফলেও উল্টো বাতাস বইতে দেখা যায়।
সরকারি দল আওয়ামী লীগ প্রথম দুই ধাপে খারাপ ফল করলেও তৃতীয় ধাপে ‘সাফল্য’ পেয়েছে। এই সাফল্যের পেছনে অবশ্য শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে।
১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করে। প্রশাসনের সমর্থনেই সরকার-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা নির্বিঘ্নে ভোটকেন্দ্র দখল করে ব্যালটে সিল মেরেছেন।
এ পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের নীরবতাকে দায়ী করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। প্রথম আলোকে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেই পুরোনো ভোট জালিয়াতি ও শক্তি প্রয়োগের সংস্কৃতি ফিরে এসেছে। প্রশাসনের পাহারায় সরকারি দলের কর্মী-সমর্থকেরা ব্যালট ছিনতাই করছেন, বুথ দখল করে সিল মারছেন—এমন খবর পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। অথচ নির্বাচন কমিশন নীরব থেকেছে। তাদের এই নীরবতা চলমান উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশকে সহিংস করে তুলেছে।
তা ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগেরও সমালোচনা করেন তোফায়েল আহমেদ। তাঁর মতে, কোনো ইউএনওর পক্ষে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ নয়। কারণ, তাঁরা একই সঙ্গে একই পরিষদে কাজ করেন।
তিন ধাপের নির্বাচনে সহিংসতায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তিন শতাধিক। এর মধ্যে দ্বিতীয় ধাপে একজন এবং তৃতীয় ধাপে তিনজন নিহত হন।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, অনিয়ম ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় তিন ধাপে ৭১টির মতো ভোটকেন্দ্র স্থগিত করা হয়। প্রথম ধাপে ১০, দ্বিতীয় ধাপে ৩৫ এবং তৃতীয় ধাপে ২৬টি ভোটকেন্দ্র স্থগিত ছিল। এর আগে দ্বিতীয় ধাপের নির্বাচনের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নোয়াখালী সদর এবং তৃতীয় ধাপের নির্বাচনের আগেই গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচন স্থগিত করা হয়।
প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের হিসাব অনুযায়ী, প্রথম ধাপে ৬৫, দ্বিতীয় ধাপে ১০০ এবং তৃতীয় ধাপে ২০০—মোট প্রায় ৩৬৫ কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটে। আর কমিশন ভোট স্থগিত রেখেছে ৭১টির। এ ছাড়া অনেক কেন্দ্রে সংঘর্ষ হয়নি, অথচ নীরবে প্রশাসনের সহায়তায় ভোট জালিয়াতি হয়েছে।
৪৮৭টি উপজেলার মধ্যে ৪৬৬টিতে নির্বাচনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তিন ধাপে এখন পর্যন্ত ২৯৫টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। আরও তিন দফায় ১৭১টি উপজেলায় নির্বাচন হবে।
আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা প্রথম আলোকে বলেন, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচ হাজারের বেশি স্থানীয় নির্বাচন এবং কয়েকটি সংসদীয় উপনির্বাচন অনেক সুষ্ঠু পরিবেশে হয়েছে। এ নিয়ে তাঁরা সব সময় গর্ব করেন। এসব নির্বাচনে বিরোধী দলের অনেক প্রার্থী জিতলেও কোথাও সরকার হস্তক্ষেপ করেনি। সহিংসতার কারণে কোথাও ভোটকেন্দ্র স্থগিত হয়নি। কিন্তু এখন সেই গর্ব করার জায়গাটি আর থাকল না।
নেতাদের কেউ কেউ মনে করেন, শেষ ধাপের নির্বাচনে সরকারি দল আওয়ামী লীগ জিতলেও সরকার হেরেছে।
তবে সরকারের একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী ও নীতিনির্ধারকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে সম্মত হননি। একজন মন্ত্রী বলেন, তিনি এসবে নেই। অমুক জানেন।
আওয়ামী লীগের একাধিক সাংগঠনিক সম্পাদকও এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলতে সম্মত হননি। দুজন সাংগঠনিক সম্পাদক বলেন, কোত্থেকে কী হচ্ছে, তাঁরা কিছু জানেন না।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম সহিংসতার জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলকেই দায়ী করেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাদের নিজেদের মধ্যেই মারামারি হচ্ছে। সরকারি দল বলেই এটা হচ্ছে। আবার বিএনপিও নির্বাচনে জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে।’
আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতা জানান, প্রথম ধাপের নির্বাচনে পরাজয়ের পর দলের অতি উৎসাহী কয়েকজন কেন্দ্রীয় নেতা পরবর্তী ধাপে ভালো ফলের জন্য কিছু কৌশলের আশ্রয় নেন। ধানমন্ডির কার্যালয়ে তাঁরা সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেন। বিদ্রোহী প্রার্থী দমন করার জন্য উপজেলার মতো নির্দলীয় নির্বাচনে তাঁরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু করেন। ওই কার্যালয়ে বসে ওই নেতারা প্রশাসনের শীর্ষ কর্তা-ব্যক্তিসহ মাঠপর্যায়ের কর্মকর্তাদের ফোনে নানা নির্দেশ পাঠাতে থাকেন। এর পর থেকেই উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতিসহ সহিংসতা শুরু হয় বলে মনে করেন দলের কেউ কেউ।

একনজরে ভাইস চেয়ারম্যান পদের ফল: তৃতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াই
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ২৭টি, জামায়াতে ইসলামী ২৩টি ও বিএনপি ১৮টি উপজেলায় জয়ী হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ৩৫টি, আওয়ামী লীগ ২৭টি ও জামায়াত তিনটি উপজেলায় জয় পেয়েছে।