ধামইরহাট ও শিবগঞ্জে ৯৮ মুক্তিযোদ্ধার নাম বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাতাপ্রাপ্ত ৪৩ মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এবং যাচাই-বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে নওগাঁর ধামইরহাটে মানববন্ধন করেছেন বাদ পড়া মুক্তিযোদ্ধারা। উপজেলা চত্বরে গতকাল শনিবার বিকেলে ‘ধামইরহাট ভাতাপ্রাপ্ত গেজেটভুক্ত বাদ পড়া মুক্তিযোদ্ধা’র ব্যানারে তাঁরা এ মানববন্ধন করেন।
এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই শেষে গত বৃহস্পতিবার ১২৬ জন ভাতাভোগী সদস্যের মধ্যে ৫৫ জন বাদ পড়েছেন।
ধামইরহাটে মানববন্ধনে বক্তারা বলেন, নতুন করে যাচাই-বাছাই প্রক্রিয়ার নামে উপজেলার গেজেটভুক্ত ১৯৮ জনের মধ্যে ৪৩ জনকে বিভিন্ন কারণে বাদ দেওয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার খাদেমুল ইসলাম, ডেপুটি কমান্ডার অফির উদ্দিন ও মুক্তিযোদ্ধা নুরুজ্জামান অর্থের বিনিময়ে অনেক অমুক্তিযোদ্ধাকে তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন। দুর্নীতি করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া হয়েছে।
বাদ পড়া মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন ধামইরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার আবদুর রউফ মণ্ডল, ধামইরহাট এলাকায় একাত্তরে যুদ্ধকালীন কমান্ডার ফরমুদ হোসেন, মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রমুখ।
ফরমুদ অভিযোগ করে বলেন, খাদেমুল ইসলাম নিজেই একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাঁর বিরুদ্ধে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে এ বিষয়ে অভিযোগও রয়েছে। অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতি করে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দিয়েছে এই যাচাই-বাছাই কমিটি।
তবে খাদেমুল বলেন, ‘মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দেওয়া নিয়ম অনুসারে যাচাই-বাছাই করা হয়েছে। যাঁদের ক্ষেত্রে ত্রুটি পাওয়া গেছে, তাঁরাই বাদ পড়েছেন। এই কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার। এই কমিটিতে ১০ জন সদস্য রয়েছি। আমিসহ আরও যে দুজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হয়েছে, তা ভিত্তিহীন।’
শিবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ফরিদ উদ্দিন বলেন, উপজেলায় ১২৬ জন মুক্তিযোদ্ধা সরকারিভাবে ভাতা পাচ্ছিলেন। এর মধ্যে নতুন করে তালিকাভুক্ত হতে আরও ২০৩ জন অনলাইনের মাধ্যমে আবেদন করেন। গত ১১ ও ১৮ ফেব্রুয়ারি দুই দফায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শুরু করা হয়। দুই দিন যাচাই-বাছাই শেষে গত ২৭ এপ্রিল তৃতীয় দফা বৈঠক করে তালিকা চূড়ান্ত করা হয়। পরে বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করা হয়। তাতে ভাতাভোগীদের মধ্যে ৫৫ জনকে বাতিল করা হয়েছে।