ধামইরহাটে আবার খড়ের গাদায় অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে গত শনিবার রাতে আবার খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলামের একটি খড়ের গাদা পুড়ে যায়।
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার আদিবাসী পল্লিতে তিনটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাতে শিবরামপুর গ্রামের আদিবাসী পল্লিতে তিনটি খড়ের গাদা পুড়িয়ে দেওয়ার পর শনিবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় নওগাঁর জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে জহুরুল ইসলাম বক্তব্য দেন। সভায় তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে গ্রামে প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান। এরপর ওই দিন রাতেই তাঁর খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা।
জহুরুল ইসলাম বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাঁর খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।